ওষুধশিল্পের তিন দিনের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ওষুধশিল্পের তিন দিনব্যাপী এক প্রদর্শনীতে একই ছাদের নিচে ওষুধশিল্পের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ থেকে শুরু করে কাঁচামালের সন্ধান মিলছে। প্রদর্শনীতে ওষুধশিল্পে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামালের নমুনা এবং তথ্য নিয়ে বসেছে দেশি-বিদেশি চার শতাধিক প্রতিষ্ঠান।
ওষুধ শিল্প সমিতি ও জিপিই প্রাইভেট লিমিটেড যৌথভাবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘অষ্টম এশিয়া ফার্মা এক্সপো ২০১৬’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রদর্শনীটির উদ্বোধন করেন।
এবারের প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, ভারত, চীন, কোরিয়া, থাইল্যান্ডসহ ৮০টি দেশের চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে মূলত ওষুধশিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল প্রদর্শিত হচ্ছে। এতে দেশি-বিদেশি উদ্যোক্তারা বিশ্বমানের ওষুধ উৎপাদনের যন্ত্রপাতি ও কাঁচামাল সম্পর্কে ধারণা নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাঁর বক্তব্যে জানান, যথাযথভাবে আবেদন করা হলে ওষুধ রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় রপ্তানি খাতে বৈচিত্র্য আনার পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তিনি জানান, এ বছরই মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) চুক্তি হবে। এতে ওষুধ রপ্তানি আরও বাড়বে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয়। আমার সব ওষুধই বাংলাদেশে তৈরি। এমনকি সিঙ্গাপুর থেকে প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশনের ওষুধও বাংলাদেশে পাওয়া যায়।’
তোফায়েল আহমেদের মতে, ওষুধ রপ্তানি বড় কথা নয়; ১৬ কোটি মানুষকে ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে—সেটাই বড় কথা। সরকার যে ছয়-সাতটি খাতকে প্রাধান্য দিচ্ছে, এর মধ্যে ওষুধশিল্প অন্যতম।
এদিকে অনুষ্ঠানে জানানো হয়, গত অর্থবছরে ১১৭টি দেশে ৬৫০ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে বাংলাদেশ। আর দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ পূরণ করা হচ্ছে দেশি ওষুধ দিয়ে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৪০ হাজার কোটি টাকার ওষুধের বাজার রয়েছে। এই বাজারের আকার আরও সম্প্রসারণ করা সম্ভব।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, মানসম্পন্ন ওষুধ তৈরিতে বাংলাদেশ সারা বিশ্বের কাছে অনুকরণীয়। সরকারি নীতি সহায়তার কারণে ওষুধশিল্পটি উঠে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা আবদুল মোক্তাদির, সহসভাপতি হারুনুর রশিদ, মহাসচিব এস এম সফিউজ্জামান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।