ওয়াইমেক্স সেবা দেবে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের নেটওয়ার্কের সহযোগিতায় ফিক্সড ওয়াইমেক্স সেবা চালু করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেড। প্রাথমিকভাবে এ সেবা ঢাকা ও চট্টগ্রামে পাওয়া যাবে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ এবং গ্রামীণফোনের প্রযুক্তি বিভাগের উপপরিচালক এমদাদুল হক যৌথভাবে ওয়াইম্যাক্স সেবা চালু করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সেবা প্রদানের জন্য গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করবে। এ ছাড়া ওই সেবাটি বাজারজাত করতে গ্রামীণফোনের বিপণন ও বিতরণ চ্যানেল ব্যবহার করা হবে। এই ওয়াইমেক্স ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাহকসেবা দেবে গ্রামীণফোন।
এই সেবা বাসায় এবং অফিসে বড় পর্দায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উপযোগী। প্রাথমিকভাবে গ্রাহকেরা ১ এমবিপিএস গতি পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন চার হাজার ২৩২ টাকায়। এ ছাড়া ৫৫০ টাকায় ৫১২ কেবিপিএস গতির ৩জিবি প্যাকেজও থাকছে। মোডেমের দাম হবে দুই হাজার ৪৫০ টাকা।