ওয়াও ঢাকার উদ্বোধন

যুক্তরাজ্যের সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী আন্তর্জাতিক উৎসবগুলো দেশভিত্তিক সংস্কৃতির সঙ্গে একীভূতকরণের মাধ্যমে উদ্যাপন করে থাকে। এরই ধারাবাহিকতায় উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) ঢাকা-এর অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামবাসীর জন্য পাবলিক লাইব্রেরিতে আন্তর্জাতিক একটি প্রোগ্রামের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকার বাইরে যাঁরা বাস করেন, তাঁদের বেশির ভাগেরই এ ধরনের প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ না থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রামের নারী, তরুণ এবং মফস্বল এলাকায় বসবাসকারীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত ছিল।
ব্রিটিশ কাউন্সিল ও সাউথব্যাংক সেন্টারের ওই যৌথ উদ্যোগটি সব বিচিত্রকে ধারণের একটি প্রয়াস। দক্ষিণ এশিয়ার নারীদের দৈনন্দিন জীবন, রাজনীতি, শিক্ষা ও সৃষ্টিশীল নিয়মানুবর্তিতা-বিষয়ক যেসব দুর্বলতা রয়েছে, তা দূর করে দক্ষতা বৃদ্ধিতে কাজ করাই এর লক্ষ্য। আগামী দুই বছর অসংখ্য সিরিজ ইভেন্ট ও কর্মকাণ্ড পুরো আয়োজনকে নিয়ে যাবে উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) ঢাকা ২০১৯-এ। ওয়াও ঢাকার অংশ হিসেবে চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল, সাউথব্যাংক সেন্টার, বহ্নিশিখা এবং এসপিএআরসি।
অনুষ্ঠানে কমিউনিটি নেতা-কর্মী, উদ্যোক্তা, শিক্ষার্থী, মিডিয়া ব্যক্তিত্ব এবং আঞ্চলিক প্রতিনিধিরা সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা, বিধিনিষেধ এবং গতানুগতিক ধারা থেকে পরিত্রাণের লক্ষ্যে আলোচনা করেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আশীষ কুমার সরকার, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যম এবং উইমেন অব দ্য ওয়ার্ল্ডের (ওয়াও) সিনিয়র প্রোগ্রামার ডমিনো প্যাটমেন চট্টগ্রাম অংশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।