ওয়াওবক্সের নতুন সংস্করণ আনল গ্রামীণফোন

জীবনধারাভিত্তিক অ্যাপ্লিকেশন ওয়াওবক্সের নতুন সংস্করণ নিয়ে এসেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে অপারেটরটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণফোনের সব পণ্যের হালনাগাদ খবর, বিভিন্ন দোকানে ছাড়ের তথ্য, জীবনধারাভিত্তিক খবর ও প্রতিবেদন, প্রতিযোগিতা এবং মজার গেমস থাকছে ওয়াওবক্সের নতুন এই সংস্করণে। অ্যাপটি ব্যবহার করে গ্রাহকেরা পয়েন্ট, কল টোকেন অর্জন করতে পারবেন; যা পরবর্তী সময়ে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ক্রয়ে ব্যবহার করা যাবে। গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান নরওয়ের টেলিনর গ্রুপ বাংলাদেশের জন্য বিনা মূল্যের এই অ্যাপটি তৈরি করেছে।
অ্যাপটির নতুন সংস্করণ উদ্বোধন উপলক্ষে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গত বছরের মে মাসে চালু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ এটি ব্যবহার করেছেন। নতুন সংস্করণে অ্যাপটিকে গ্রাহকদের জন্য আরও বেশি দৃষ্টিনন্দন ও সহজে ব্যবহারের উপযোগী করা হয়েছে।
টেলিনরের প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন ইউনিটের হেড অব ওয়াওবক্স হোজার হাসম্যান বলেন, প্রায় ১২ লাখ ব্যবহারকারী নিয়মিত অ্যাপটি ব্যবহার করে। বাংলাদেশে দ্রুতবর্ধনশীল তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ওয়াওবক্স একটি কার্যকরী মাধ্যম।