ওয়াগা-আত্তারি সীমান্ত সাত দিনই খোলা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ভারতের ওয়াগা আর পাকিস্তানের আত্তারি সীমান্ত সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। একই সঙ্গে এই সীমান্ত দিয়ে সরাসরি পণ্যবাহী কনটেইনার এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশ এমন সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের আগ পর্যন্ত ভারতের অমৃতসর থেকে পাকিস্তানের লাহোরে কিংবা লাহোর থেকে অমৃতসর আসতে সীমান্তে পণ্যবাহী ট্রাক থেকে মালামাল নামাতে হতো এবং নিজ দেশের সীমান্তে গিয়ে আবারও তা কনটেইনারে ওঠানো হতো।
ভারত ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে গতকাল শনিবার এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ১৬ মাস ধরে স্থগিত থাকা দুই দেশের মধ্যে বাণিজ্য উদারীকরণ প্রক্রিয়া চালু এবং বৈষম্যহীন বাজার-সুবিধার জন্য দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা সাংবাদিকদের বলেন, ‘ব্যাংকের লাইসেন্সের বিষয়টি আরও ত্বরান্বিত করতে আমরা কাজ করছি, যেন ভারত ও পাকিস্তানের ব্যাংকগুলো দুই দেশেই ব্যবসা পরিচালনা করতে পারে। আর এটা বাণিজ্য বাড়াতে সহায়তা করবে।’
পাকিস্তান এখনো ‘অনুকূল সুবিধাপ্রাপ্ত দেশ’ (এমএফএম) কিংবা বৈষম্যহীন বাজারসুবিধার কোনোটিই ভারতকে দিচ্ছে না।
এমএফএমের সুবিধা না দিয়ে পাকিস্তান কেন বৈষম্যহীন বাজারসুবিধার বিষয়টি গুরুত্ব দিচ্ছে?—জানতে চাইলে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খান জানান, এটা আসলে একই ধরনের সুবিধা বহন করে। এর ফলেও দুই দেশের মধ্যে বিপুল পরিমাণ পণ্যের লেনদেন হতে পারে।
বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৩০০ কোটি ডলারের। তবে উভয় দেশই মনে করে, বাণিজ্য উদারীকরণ প্রক্রিয়ার ফলে এ বাণিজ্যের পরিমাণ কয়েক গুণ বাড়বে।
বাণিজ্য উদারীকরণের অংশ হিসেবে দ্বিপক্ষীয়ভাবে এবং দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা)—দুটোর আওতায় পাকিস্তানের ব্যবসায়ীদের সহজে ভিসা দেওয়ার বিষয়টি দেখার জন্য সম্মত হয়েছে ভারত।
উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারি মাসে দুই দেশ বাণিজ্য-প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিতে শুরু করে। কিন্তু কাশ্মীরের সীমান্তরেখায় দুই দেশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় এই পদক্ষেপ বাধাগ্রস্ত হয়। সূত্র: বিজনেস লাইন