ওয়ারিদের সঙ্গে অবকাঠামো সুবিধা বিনিময় করবে বিটিসিএল ও টেলিটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামোগত সুবিধা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও টেলিটকের সঙ্গে পৃথক দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ওয়ারিদ টেলিকম।এই চুক্তির আওতায় অপারেটররা তাদের বেস ট্রান্সসিভার (বিটিএস) ও সম্প্রচারের অন্যান্য যন্ত্রপাতি এবং ব্যান্ডউইথসহ বিভিন্ন ধরনের অবকাঠামো সুবিধা নিজেদের মধ্যে বিনিময় করতে পারবে।গতকাল বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বেসরকারি কোনো মোবাইল ফোন কোম্পানির সঙ্গে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের মধ্যে এটাই প্রথম চুক্তি। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান ও ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বলেন, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা লাভবান হবেন। তিনি আরও বলেন, অবকাঠামো বিনিময় সবার জন্যই বাধ্যতামূলক হওয়া উচিত।ক্রিস টবিট বলেন, দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তির ফলে ওয়ারিদের নতুন ব্যবস্থাপনা পর্ষদের অধীনে দ্রুত নেটওয়ার্ক বাড়ানো সহজ হবে। এস এম খাবীরুজ্জামান বলেন, ‘আমরা অন্য অপারেটরদের সঙ্গেও বিটিসিএলের অবকাঠামো সুবিধা বিনিময় করতে প্রস্তুত আছি।’ সম্প্রতি ভারতীয় মোবাইল টেলিফোন অপারেটর ভারতী এয়ারটেল, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ধাবি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।