
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ। দীর্ঘদিন ধরে অকার্যকর রয়েছে সুয়ারেজ লাইন। বৃষ্টি হলে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার ওয়্যার স্ট্রিটে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক জবাবদিহিমূলক অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছে এসব অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে জনগণের এসব সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মেয়র। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ওয়ারীর ১২ নম্বর নবাব স্ট্রিটের বাসিন্দা আজহার খান বলেন, এই এলাকায় চার-পাঁচ বছর ধরে সুয়ারেজ লাইন বন্ধ হয়ে রয়েছে। পরে সড়কের দুপাশের নর্দমার সঙ্গে সুয়ারেজ লাইন সংযুক্ত করে দেওয়া হয়েছে। এতে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা গুরুত্ব দেয়নি।
ওয়ারীর বাসিন্দা ইলিয়াস বলেন, সামান্য বৃষ্টি হলেই লালমোহন সাহা স্ট্রিটে পানি জমে যায়। এই পানি সরতে সারা দিন সময় লাগে। আবর্জনা জমে ড্রেনের ময়লা পানি সড়ক ও বাসাবাড়িতে ঢুকে যায়। এতে মহল্লার সবাইকে দীর্ঘদিন ধরে দুর্ভোগে পড়তে হচ্ছে। ভজহরি সাহা স্ট্রিট ও পদ্মনিধি লেনে একই সমস্যা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন। তিনি বলেন, কিছুদিন পরপরই এই দুটি এলাকায় সুয়ারেজ লাইন বন্ধ হয়ে যায়। অনেক সময় মহল্লার বাসিন্দারা চাঁদা তুলে এই লাইন ঠিক করেন। অবিলম্বে এসব এলাকার সুয়ারেজের নতুন লাইন নির্মাণ করতে হবে। এ সময় মঞ্চে উপস্থিত থাকা ঢাকা ওয়াসার এক কর্মকর্তা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
৫৫/১ ভজহরি সাহা স্ট্রিটের বাসিন্দা এস এম আশরাফ হোসেন বলেন, এই এলাকায় নির্দিষ্ট কোনো ডাস্টবিন নেই। মহল্লার সবাই তাঁর বাসার সামনে ময়লা ফেলে। এতে দুর্গন্ধে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন।
নবাব স্ট্রিটের আবদুল ওয়াদুদ বলেন, বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় সকালে মহল্লার সড়কে হাঁটাহাঁটি করা যায় না। প্রাতর্ভ্রমণ করতে বেরিয়ে মহল্লার অনেকেই বিভিন্ন সময় এসব কুকুরের আক্রমণের শিকার হয়েছেন।
নাগরিকদের সব সমস্যার কথা শুনে সাঈদ খোকন এই এলাকার ড্রেন ও জলাবদ্ধতা সমস্যা, মশার উপদ্রব কমানো, অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট অপসারণ, পাঠাগার খোলার সময়সূচি বিকেল তিনটার পরিবর্তে সকাল নয়টা থেকে চালুসহ বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন। এ সময় তিনি বলেন, ঢাকা নগরীর পরিবর্তন দৃশ্যমান হতে আরও কিছু সময় লাগবে। নগরীর প্রতি ইঞ্চি রাস্তাঘাট উন্নয়নের আওতায় আসবে। নগরীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ নগরীতে পরিণত করতে করপোরেশন গৃহীত কর্মকাণ্ডে নগরবাসীদের আন্তরিকভাবে সম্পৃক্ত হতে হবে। নগরীর সমস্যাকে নিজের সমস্যা হিসেবে ভাবতে হবে।
মেয়র বলেন, দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক এবং উন্নত দেশে পরিণত হোক, তা একটি গোষ্ঠী চায় না। তারা ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করছে। মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলছে। কিন্তু মৃত্যুর ভয় দেখিয়ে জীবনের স্বপ্ন স্তব্ধ করা যায় না। ইসলাম এই সন্ত্রাসবাদ সমর্থন করে না। নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও সেবা কার্যক্রম একসঙ্গে চলবে।
অনুষ্ঠানে সারোয়ার হাসানের সভাপতিত্বে ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হাসিবুর রহমান, ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মাসুদসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।