ওয়ালমার্টের ২৬৯টি স্টোর বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বিশ্বব্যাপী ২৬৯টি স্টোর বা দোকান বন্ধের ঘোষণা দিয়েছে। আমাজনের মতো অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় হিমশিম খেয়ে ওয়ালমার্ট তার বিপুলসংখ্যক চেইন শপ বা খুচরা দোকান বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারজুড়ে হলিডে সেলসের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম হওয়ার পরিস্থিতিতে ওয়ালমার্ট ব্যাপক সংখ্যায় খুচরা স্টোর বন্ধ করার ঘোষণা দিল। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) প্রকাশিত সর্বশেষ উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত বছরের শেষ দুই মাস নভেম্বর ও ডিসেম্বরে খুচরা বিক্রিতে ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি আশা করা হলেও সেখানে হয়েছে ৩ শতাংশ।
ওয়ালমার্টের এই সিদ্ধান্তে মোট ১৬ হাজার কর্মী চাকরি হারাবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই বেকার হবেন ১০ হাজার।
গত বছরের অক্টোবরে ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডোয়াগ ম্যাকমিলান অবশ্য বলেছিলেন, স্টোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কখনোই সহজ নয়। কিন্তু কোম্পানির ভিত শক্ত রাখতে এবং ভবিষ্যতের কথা বিবেচনায় তেমন সিদ্ধান্ত নেওয়া জরুরি।
ক্রেতাদের টানতে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রেতারা বড় ধরনের ছাড় ঘোষণা করলেও ২০১৫ সালের হলিডে শপিংয়ের সময়ে তাদের পণ্য বিক্রি আশানুরূপ হয়নি। অন্যদিকে অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বেশ ভালো করেছে। সার্বিকভাবে তাদের বিক্রি ৯ শতাংশ বেড়ে ১০ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে উঠেছে।
এদিকে হলিডে শপিং উপলক্ষে খুচরা বিক্রেতাদের বিক্রি কমে যাওয়ার তথ্য প্রকাশিত হওয়ার খবরে প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ডাউ জোন্স মূল্যসূচকটি শুক্রবার ৪০০ পয়েন্ট কমেছে।
খুচরা বিক্রি-সংক্রান্ত বিশ্লেষক প্রতিষ্ঠান কনলুমিনোর প্রধান নির্বাহী নেইল সন্ডারস বলেন, অন্যান্য খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোও ওয়ালমার্টকে অনুসরণ করবে।
এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত ডিসেম্বরে দেশটিতে শিল্প খাতের (উৎপাদন, খনি ও ইউটিলিটি বা উপযোগ সেবা) উৎপাদন শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। এ নিয়ে দুই মাস ধরে শিল্প খাতের উৎপাদন কমল। অন্যান্য বড় মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের নিজস্ব মুদ্রা ডলারের দাম বেড়ে যাওয়ায় এবং বৈশ্বিক অর্থনীতিতে দুর্বলতার কারণে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণেও উৎপাদন কমেছে। তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ডিসেম্বরে ইউটিলিটি খাতে উৎপাদন ২ শতাংশ কমেছে। এর আগে নভেম্বরেও তা কমেছিল ৫ শতাংশ।
এ প্রসঙ্গে ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান মার্কিন অর্থনীতিবিদ পল অশওয়ার্থ তাঁর এক গবেষণা প্রতিবেদনে বলেছেন, ‘এখনো ডলারের দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় এবং বৈশ্বিক অর্থনীতিতে চাহিদা কমতে থাকায় চলতি বছরে যুক্তরাষ্ট্রের শিল্প খাত থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না।’ সূত্র: বিবিসি