এ বছর ১১ ও ১২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। এই প্রদর্শনীর ওয়েবসাইট www.bangladeshdenimexpo.com গতকাল উদ্বোধন করা হয়েছে। আগ্রহী দর্শনার্থীরা এই ওয়েবসাইটে লগইন করে নিবন্ধন করতে পারবেন।
আন্তর্জাতিক অঙ্গনে ডেনিম পণ্য জনপ্রিয় করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবারে ১০টি দেশের ডেনিম শিল্পসংশিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
ঢাকার একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এবারের প্রদর্শনীর ওয়েবসাইট উদ্বোধন করে আয়োজনের প্রধান উদ্যোক্তা ডেনিম এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন এসব তথ্য তুলে ধরেন।
এবারের ডেনিম এক্সপোতে বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইতালি, চীন, ভারত, পাকিস্তান ও তাইওয়ানের প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। আয়োজনের সাজসজ্জায় থাকবে পরিবেশবান্ধব উপকরণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেনিম শিল্পে এ পর্যন্ত ৯০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। বিদেশের বাজারে ডেনিম রপ্তানির সম্ভাবনাও দিনে দিনে বাড়ছে।