ওয়েবসাইট ও ফেসবুকে শেয়ারের তথ্য প্রকাশে এসইসির সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য ও গুজব প্রকাশের বিষয়ে সবাইকে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।এসইসি বলছে, ‘সম্প্রতি কোনো কোনো ওয়েবসাইট ও ফেসবুক লিংকের মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য সংবেদনশীল তথ্য আদান-প্রদান ও বিভিন্ন গুজব প্রকাশ করা হয়, যা সিকিউরিটিজ আইনের পরিপন্থী ও স্থিতিশীল পুঁজিবাজারের জন্য ক্ষতিকর। তাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কমিশন সতর্ক করছে। অন্যথায় কমিশন আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।’একই সঙ্গে কমিশন এ-ও বলেছে, এ ধরনের অসমর্থিত সূত্রের তথ্যের ভিত্তিতে কেউ শেয়ারবাজারে বিনিয়োগ করলে তার দায়দায়িত্ব ওই বিনিয়োগকারীর ওপরই বর্তাবে। তাই এ ধরনের তথ্যের ভিত্তিতে বিনিয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।এসইসি জানিয়েছে, এর আগে ফেসবুকের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলোভিত করায় কমিশন কিছু ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কমিশন সেসব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নিয়েছে।এদিকে গত সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কটি সূচকই ছিল ইতিবাচক। সপ্তাহ শেষে ডিএসইর সূচক ও লেনদেন বেশ বেড়েছে। ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় ৩৭ শতাংশ বা ৩০৪ কোটি টাকা বেড়ে হয়েছে এক হাজার ১১৭ কোটি টাকার বেশি। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৫৮৫ কোটি টাকা।গত সপ্তাহে ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল মিউচুয়াল ফান্ড। আর লেনদেনে ছিল কিছুটা মিশ্র অবস্থা। সপ্তাহ শেষে ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০-এর তালিকার ১০টিই ছিল মিউচুয়াল ফান্ড। আর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৬৯১ কোটি টাকা, যা মোট লেনদেনের প্রায় ৩০ শতাংশ।সাপ্তাহিক বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত অনেক মিউচুয়াল ফান্ড তার প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) চেয়ে কমে লেনদেন হয়ে আসছে। মিউচুয়াল ফান্ডের বেলায় সাধারণ নিয়ম হলো, এগুলোর দাম সব সময় এনএভির কাছাকাছি থাকে। যেহেতু প্রতি সপ্তাহে এসব ফান্ডের এনএভি প্রকাশ কর হয়, তাই বিনিয়োগকারীদের পক্ষে এসব বিষয় জানাও অনেক সহজ। তা সত্ত্বেও আমাদের বাজারে মিউচুয়াল ফান্ডের সাধারণ নিয়মের বেশ ব্যতিক্রম ঘটেছে। তাই এখন এসে এসব ফান্ডের কিছুটা মূল্যবৃদ্ধি ঘটছে।’মোহাম্মদ মূসা আরও বলেন, ‘মিউচুয়াল ফান্ডের পাশাপাশি গত সপ্তাহে ব্যাংকিং খাতের শেয়ারের দামও বেশ বেড়েছে। বাজারের এমন আচরণ থেকে মনে হচ্ছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণ বেড়েছে। এ ছাড়া আমাদের বাজারে সব সময়ই দেখা যায়, সাধারণ বিনিয়োগকারীরা দামের পেছনে ছোটে। যখনই যে শেয়ারের দাম বাড়তে থাকে, সেই শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়।’ঢাকার বাজারে গত সপ্তাহে ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৩টিরই দাম বেড়েছে, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় সাড়ে ৫ শতাংশ বা ২৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৭৯ পয়েন্টে।