ওয়েস্টার্ন ইউনিয়নের অর্থ স্থানান্তরসেবা চালু করল বিকেবি
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এখন দেশব্যাপী ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিস তথা অর্থ স্থানান্তরসেবা প্রদান করছে।বিকেবির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ সম্প্রতি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের অপেক্ষাকৃত দরিদ্র মানুষকে অর্থায়ন করে থাকে। তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলে সময়মতো বিদেশ থেকে পাঠানো টাকা না পাওয়া একটি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এই অবস্থায় বিকেবি ও ওয়েস্টার্ন ইউনিয়নের এই যৌথ উদ্যোগ কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ সময়মতো প্রাপকের কাছে পৌঁছেই দেবে না, সেই সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়ও ভূমিকা রাখবে।ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক অনিল কাপুর বলেন, ‘ক্রমবর্ধমান নেটওয়ার্ক নিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন বিশ্বের প্রতিটি কোণে দ্রুত ও সহজে অর্থের আদান-প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ব্যাংক বিকেবির সঙ্গে একতাবদ্ধ হতে পারায় ওয়েস্টার্ন ইউনিয়নের সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আমার বিশ্বাস।’বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ওয়েস্টার্ন ইউনিয়নের তিন লাখ ৮৬ হাজার এজেন্ট লোকেশন রয়েছে। আর বাংলাদেশে ৬৪ জেলার ৪৮৫ উপজেলায় সাড়ে সাত হাজার এজেন্ট লোকেশনের মাধ্যমে এই সংস্থার কার্যক্রম বিস্তৃত রয়েছে। বিজ্ঞপ্তি।