ওয়েস্টার্ন মেরিন যাত্রীবাহী দুটি জাহাজ বানাচ্ছে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জন্য দুটি যাত্রীবাহী জাহাজ নির্মাণ করছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।পটিয়ায় কর্ণফুলী নদীর তীরে প্রতিষ্ঠানটির কারখানা চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ অতিথিরা লোহার পাটাতনে হাতুড়ি পিটিয়ে জাহাজ দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার চেয়ারম্যান মজিবুর রহমান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বক্তব্য দেন।অনুষ্ঠানে জানানো হয়, নির্মাণাধীন জাহাজ দুটির প্রতিটিতে যাত্রী ধারণক্ষমতা হবে ৭৫০ জন করে। দেশের দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী পরিবহনে জাহাজ দুটি ব্যবহূত হবে। প্রতিটি জাহাজ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২৯ কোটি টাকা করে। প্রতিটি জাহাজ ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল বেগে চলবে।নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানে জানান, জাহাজ দুটি নির্মাণে ২১ মাস সময় থাকলেও আগামী সেপ্টেম্বরের মধ্যেই হস্তান্তর করা সম্ভব হবে। শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী এই জাহাজ দুটিতে ভ্রমণের ইচ্ছা পোষণ করেছেন। এ কারণে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জাহাজ দুটি বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তরের জন্য আগামী বছরের আগস্টে নির্মাণকাজ শেষ করার আহ্বান জানাচ্ছি। তাহলে প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ হবে।’ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘সড়কের সঙ্গে প্রতিযোগিতা করে নদীপথে যাত্রীসেবা দিতে নতুন দুটি জাহাজ বানানো হচ্ছে।’ তিনি জানান, ৫৩টি নদীপথ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি খননের কাজ চলছে। আরও ২৪টি পথে খননকাজ শিগগিরই শুরু হবে।