ওয়েস্টার্ন মেরিনে পর্যটন জাহাজ নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে গতকাল বুধবার একটি পর্যটন জাহাজ নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বোট ক্লাবের জন্য এ জাহাজ নির্মাণ করা হচ্ছে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী ‘কিল-লেইং’ অনুষ্ঠানের মাধ্যমে এই জাহাজ নির্মাণকাজের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ। এ সময় নৌবাহিনী এবং সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, কর্ণফুলী নদীর কুতুবদিয়া সীমানা পর্যন্ত জাহাজটি চলাচল করবে। ৩০ মিটার দীর্ঘ এই জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ১৫০ জন। আগামী জানুয়ারিতে এই জাহাজের নির্মাণকাজ শেষ হবে।ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন জাহাজের কারিগরি দিক তুলে ধরেন। এ জাহাজটি নির্মাণের মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন নতুন উদ্ভাবনের স্বাক্ষর রাখবে বলেও তাঁরা মন্তব্য করেন। জানা গেছে, এর আগেও পর্যটন জাহাজ নির্মাণ করেছে ওয়েস্টার্ন মেরিন। তবে এবার নির্মাণাধীন এ পর্যটন জাহাজে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে।