ওয়েস্টার্ন মেরিনের চার জাহাজ হস্তান্তর আজ
দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বাংলাদেশ ও জার্মানির জন্য চারটি জাহাজ তৈরি করেছে। এর মধ্যে রয়েছে জার্মানির প্রতিষ্ঠান গ্রোনা শিপিংয়ের জন্য ‘এমসটাইড’ ও ‘এমসওয়েভ’ নামে দুটি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য পাইলট জাহাজ ‘পিভি রক্ষী’ ও বিআইডব্লিউটিসির জন্য তৈরি রো রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন ওয়ার্কশপ ঘাটে বিআইডব্লিউটিসির জন্য নির্মিত রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনে জাহাজগুলো হস্তান্তর করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন ও গ্রোনো শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এব প্রিন্স। সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, ‘তিনটি আলাদা প্রতিষ্ঠানের কাছে একসঙ্গে জাহাজ হস্তান্তর বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে, যা বিশ্বের জাহাজ নির্মাণকারী দেশগুলোর কাছে আমাদের বিশেষভাবে পরিচিত করে তুলবে।’