কক্সবাজার-ঢাকা পথে নভোএয়ারের বিশেষ ফ্লাইট
কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের ঢাকায় ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট চালু করেছে নভোএয়ার। এ জন্য গতকাল শনিবার থেকে নিয়মিত একটির সঙ্গে অতিরিক্ত আরেকটি অর্থাৎ প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি এই প্রতিষ্ঠানটি।আগামীকাল পর্যন্ত এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। বিশেষ ফ্লাইটে শুধু কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত একমুখী পথে যাত্রী পরিবহন করা হবে। এতে জনপ্রতি ভাড়া পড়বে পাঁচ হাজার ৮৫০ টাকা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, দেশের উদ্ভূত পরিস্থিতিতে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান নভোএয়ারসহ অভ্যন্তরীণ সব উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ফ্লাইট চালাতে নির্দেশ দেন। জামায়াত-শিবিরের হামলা, ভাঙচুর ও রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শুক্রবার থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ আছে। এতে কক্সবাজারে বেড়াতে যাওয়া ১০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন।নভোএয়ারের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক এ কে এম মাহফুজুল আলম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছি।’ তিনি বলেন, ‘একমুখী ফ্লাইট পরিচালনার কারণে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু এ ক্ষেত্রে আমরা জনসেবাকেই অগ্রাধিকার দিচ্ছি।’