কক্সবাজারের ব্যাংকগুলো বেশি ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের ক্ষেত্রে কক্সবাজারের ব্যাংকগুলো এখন বেশি ঝুঁকিতে রয়েছে।
কক্সবাজার সৈকতের একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালায় এ কথা বলা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহকারী প্রধান মোবারক হোসেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কক্সবাজার দিয়ে মানব পাচার, ইয়াবাসহ মাদক পাচার, অস্ত্র পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এ জন্য ব্যবহার করা হচ্ছে ব্যাংকিং চ্যানেল।
অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত এ কর্মশালার যৌথ আয়োজক বাংলাদেশ ব্যাংক ও সিটি ব্যাংক।
মোবারক হোসেন বলেন, অর্থ পাচার বিষয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর উপমহাব্যবস্থাপক এ বি এম জহুরুল হুদা ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন। এতে সিটি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কক্সবাজার শাখার মোট ৪৭ জন কর্মকর্তা অংশ নেন।
এ বি এম জহুরুল হুদা বলেন, কক্সবাজারে মানব পাচার ও মাদক পাচার ইস্যু খুবই প্রকট। কারণ মিয়ানমারে তৈরি ইয়াবার বড় চালান ঢুকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে। ব্যাংকগুলোকে ব্যবহার করেই অপরাধীরা বিভিন্ন ধরনের পাচার কর্মকাণ্ডের অর্থ লেনদেন করে থাকে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও তা প্রতিরোধে ব্যাংকগুলোর সাড়া আশাব্যঞ্জক নয়।