কচ্ছপগতিতে বিজিএমইএর তদন্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের চার দিন পর তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি গঠন করে তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। ১০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে ৩৬ দিন পার হয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি ওই কমিটি।

কচ্ছপগতিতে তদন্ত করার কারণেই মূলত এমন অবস্থা হয়েছে। কবে তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া তদন্তে বিজিএমইএর আগ্রহ নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন কমিটির একাধিক সদস্য।

কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘটনাস্থল পরিদর্শন নিয়েও লোকচুরি আছে। কমিটির এক পক্ষ বলছে, এখন পর্যন্ত পরিদর্শনই করা হয়নি। আবার আরেক পক্ষ বলছে, হয়েছে। সদস্যদের নিয়ে বৈঠক দুবার, না তিনবার হয়েছে তাতেও মতভেদ আছে।

এর আগে গত বছর নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর যথারীতি তদন্ত কমিটি করেছিল বিজিএমইএ। তখনো সাত দিনের সময়সীমা ছিল। কিন্তু এক মাস পর তদন্ত কমিটি প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনে যে সুপারিশ করা হয় তার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেনি সমিতি।

তবে বর্তমান তদন্ত কমিটি কাজ করছে বলে দাবি করেছেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম। গত শনিবার তিনি সাংবাদিকদের বলেন, রানা প্লাজার রড ও মাটি বুয়েটে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের জন্য তদন্ত কমিটি অপেক্ষা করছে।

গত ২৪ এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন পোশাকশ্রমিক মারা যান। আহত হন আরও অনেকে। এ ঘটনার চার দিন পর বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নানকে আহ্বায়ক করে নয় সদস্যের তদন্ত কমিটি করে সমিতি।

জানা যায়, ২৮ এপ্রিল তদন্ত কমিটি গঠিত হয়। তবে কমিটি রানা প্লাজার ধ্বংসস্তূপ সরানোর পর কাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেননি সদস্যরা। বিজিএমইএতে দুই বা তিনবার বৈঠক হয়েছে। আবার কমিটির দুই শ্রমিক প্রতিনিধির প্রতি শুরুতে মনোযোগ থাকলেও এখন গুরুত্ব কম দিচ্ছে বিজিএমইএ।

তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘কিছু কাজ হয়েছে। দুইটা বৈঠক করেছি। আবার আলাদা করে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছি।’ ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, কমিটির পক্ষ থেকে হয়নি। তবে সব সদস্যই ঘটনার পর ব্যক্তিগতভাবে সেখানে গেছেন।

তবে পরিদর্শন বিষয়ে ভিন্ন কথা বলেন কমিটির আরেক সদস্য বিজিএমইএর পরিচালক মোহাম্মদ নাছির। তিনি দাবি করেন, কমিটির পক্ষ থেকে অনেকবার রানা প্লাজা গেছেন সদস্যরা। আর বৈঠক হয়েছে বার তিনেক।

কমিটির আহ্বায়ক এস এম মান্নান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা আগামী ৯ জুন পর্যন্ত সময় বাড়িয়েছি। বুয়েটের প্রতিবেদন পাওয়ার পরদিনই আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দেব।’

প্রাথমিক পর্যবেক্ষণ: রানা প্লাজা ধসের ঘটনায় ভবনের মালিক সোহেল রানাসহ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও পাঁচ পোশাক কারখানার মালিকদের সরাসরি দায়ী করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ইতিমধ্যে কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

বিজিএমইএর এত দিনের তদন্তে কী পাওয়া গেল, এমন প্রশ্ন করা হলে এস এম মান্নান প্রথম আলোকে বলেন, রানা প্লাজা ধসের জন্য ভবন ও কারখানার মালিক যে জড়িত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভবনধসের দিন রানাই শ্রমিকদের কারখানায় প্রবেশ করাতে বাধ্য করেন। আবার মালিকেরা নিয়ম ভেঙে কারখানায় ভারী ভারী জেনারেটর স্থাপন করেছিলেন।

সুপারিশের বাস্তবায়ন নেই: তাজরীনের পর বিজিএমইএর নিজস্ব তদন্ত কমিটি বেশ কয়েকটি সুপারিশ করে। এর মধ্যে অগ্নিনিরাপত্তার জন্য টাস্কফোর্স গঠন করে প্রতিটি কারখানা পরিদর্শন ও কারখানার মধ্যম সারির কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান নিয়ে ক্র্যাশ প্রোগ্রাম ছিল উল্লেখযোগ্য। গত ছয় মাসে সেই সুপারিশের বেশির ভাগই বাস্তবায়ন হয়নি।

বিজিএমইএ প্রাথমিকভাবে টাস্কফোর্স গঠন করলেও এখন পর্যন্ত পুরোদমে কাজ শুরু করতে পারেনি। অনেকটা শুরুতেই আটকে আছে। অন্যদিকে, মাত্র সাড়ে তিন হাজারের মতো মধ্যম সারির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন হয়েছে।