কটিয়াদীতে এবার পাটের দামে ধস, কৃষক হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে দেড় গুণেরও বেশি পরিমাণ জমিতে পাটের চাষ হলেও কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না।কটিয়াদী বাজারে চলতি মৌসুমের শুরুতে পাটের দাম ভালো থাকলেও এখন বেশ কম। এখানে এরই মধ্যে প্রতি মণ (৪১ কেজি) সুতি পাটের দাম কমে ৮০০ থেকে ৯০০ টাকায় নেমে এসেছে, যা গত বছর ছিল এক হাজার ৫০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকা। আর প্রতি মণ তোষা পাট এখন এক হাজার ১৫০ থেকে এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত বছর এই দাম ছিল এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকা। এবার সব মিলিয়ে মণপ্রতি পাট উৎপাদনে এক হাজার টাকার মতো খরচ হয়েছে বলে চাষিরা জানান।বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্যতম বৃহৎ পাটের মোকাম হচ্ছে কটিয়াদী বাজার। যেখানে প্রতিদিন মঠখোলা, পাকুন্দিয়া, হোসেনপুর, সরারচর, করগাঁও, করিমগঞ্জ, নীলগঞ্জ, ধুলদিয়া প্রভৃতি মোকাম থেকে হাজার হাজার মণ পাট আসে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই মৌসুমে কটিয়াদী উপজেলায় এক হাজার ৪৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু চাষ হয়েছে দুই হাজার ৩০০ হেক্টরে। স্থানীয় কৃষি অফিস ও কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, কটিয়াদী একটি বড় মোকাম হলেও এখানে স্বাধীনতার পর এবারই প্রথম সরকারি সংস্থা বিজেএমসির (বাংলাদেশ পাটকল সংস্থা) কোনো পাট ক্রয়কেন্দ্র নেই। বেসরকারি পাটকলগুলো পাট কিনছে না, যে কারণে অনেক কৃষককে হাটবারেও পাট বিক্রি করতে না পেরে বাড়িতে ফেরত নিয়ে যেতে দেখা গেছে।ব্যবসায়ীদের গুদামেও প্রচুর পরিমাণে পুরোনো পাট থাকায় তাঁরা নতুন পাট কিনতে পারছেন না। এটিও দাম পড়ে যাওয়ার আরেকটি বড় কারণ।মানিকখালী গ্রামের কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সরকারের কাছে আমরা পাটের ন্যায্যমূল্য চাই। তা পেলে ভবিষ্যতে পাট চাষ করতে পারব।’পাট ব্যবসায়ী শিবু প্রসাদ বণিক জানান, পাটের কোনো ক্রেতা নেই। অর্থেরও জোগান কম। মিলগুলোও পাট কিনছে না। এ অবস্থা চলতে থাকলে বাজার আরও নিম্নমুখী হবে।মঠখোলা বাজারের বিজেএমসির ইউএমসি জুটমিলের ক্রয়কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, তাঁরা কিছু কিছু উন্নত জাতের পাট কিনছেন। কারণ এ বছর নিম্নমানের পাটের উৎপাদন হয়েছে বেশি।এদিকে কটিয়াদীর বিভিন্ন হাটবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক ও ছোট ছোট ফড়িয়ারা পাট নিয়ে মহাজনদের গুদামের সামনে ও হাটের রাস্তায় পাট বিক্রির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।