কটিয়াদীতে ১০০ নতুন করদাতাকে টিআইএন প্রদান
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার প্রত্যন্ত এলাকার তৃণমূল পর্যায়ের ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক মূল্যায়নের ভিত্তিতে কর দিতে শুরু করেছেন। নতুন করদাতা হিসেবে তাঁরা প্রত্যেকেই দুই হাজার টাকা করে কর দিয়ে টিআইএন নম্বর বা করদাতা শনাক্তকরণ সংখ্যা নিয়েছেন।কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার এই তাৎক্ষণিক মূল্যায়ন ও টিআইএন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবগঠিত ময়মনসিংহ অঞ্চলের কর কমিশনার রঞ্জন কুমার ভৌমিক, অতিরিক্ত কর কমিশনার মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ সার্কেলের উপ-কর কমিশনার মো. শাহরিয়ার, স্থানীয় পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান, আইনজীবী মাহমুদুল ইসলাম জানু, ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়া, ব্যবসায়ী মজনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী বণিক সমিতির সভাপতি মো. আবু তাহের মিয়া।অনুষ্ঠানে নতুন করদাতারা জানান, তাঁরা আগে কর দিতে ভয় পেতেন। কারণ, সংশ্লিষ্ট অনেকের আচরণ তাঁদের মধ্যে ভীতির সঞ্চার করত। তাই আগে কর দিতে আসেননি।রঞ্জন কুমার ভৌমিক করদাতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্বিঘ্নে কর প্রদান করুন। কর দিতে কোনো প্রকার হয়রানির শিকার হলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ পরে জেলা কর আইনজীবীদের সঙ্গে কিশোরগঞ্জ বারে এক মতবিনিময় সভায় মিলিত হন কর কমিশনার রঞ্জন কুমার ভৌমিক। এ সময় তিনি বলেন, কর ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জে নতুন কর কমিশনারের কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।