
সাভারের চামড়াশিল্প নগরে ট্যানারিগুলোর উৎপাদিত চামড়ার উচ্ছিষ্ট, ঝিল্লিসহ বিভিন্ন কঠিন বর্জ্য কোথায় ফেলা হবে, তা পরিকল্পনাতেই ছিল না। শেষ সময়ে এসে বড় জটিলতা তৈরি হয়েছে এসব কঠিন বর্জ্য নিয়ে।
একপর্যায়ে শিল্প মন্ত্রণালয় চেয়েছিল এসব বর্জ্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়ে তাদের গৃহস্থালি বর্জ্য ফেলার জায়গায় নিয়ে ফেলুক। কিন্তু সিটি করপোরেশন তাতে রাজি হয়নি। এখন নিরুপায় হয়ে শিল্প মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। সিটি করপোরেশনগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন।
চামড়া শিল্পনগরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে, সেখানে সিইপিটির কঠিন বর্জ্য ব্যবহার করা হবে। অন্য কিছু কঠিন বর্জ্যও এতে পোড়ানো যাবে। কিন্তু বাকি বর্জ্যের ব্যবস্থাপনা কী হবে, তা চামড়া শিল্পনগরের প্রকল্প পরিকল্পনায় ছিল না। শিল্প মন্ত্রণালয়ের সদ্য যোগ দেওয়া সচিব মোহাম্মদ আবদুল্লাহ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘কঠিন বর্জ্যের বিষয়ে কোনো পরিকল্পনা আগে আমাদের ছিল না। সংশোধিত প্রকল্পে সেটা নেওয়া হচ্ছে এটুকু বলতে পারি।’
শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত গত ১৮ ডিসেম্বরের এক সভায় অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড থেকে কঠিন বর্জ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সংগ্রহ করে আমিনবাজারে বাসাবাড়ির ময়লা ফেলার জায়গা বা ল্যান্ড ফিল গ্রাউন্ডে ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশন ওই বর্জ্যে রাসায়নিক থাকার কারণে তা নিতে রাজি হয়নি। গত ২৮ জুন শিল্পমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আধা সরকারি পত্র বা ডিও লেটার দিয়েছিলেন। সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এ বিষয়ে রাজি করাতে ব্যর্থ শিল্প মন্ত্রণালয় বর্জ্য মানিকগঞ্জের কোথাও ফেলার চিন্তা করছে। এ জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।
সাভারে কিছু ট্যানারি প্রায় এক বছর আগে উৎপাদন শুরু করেছে। তাদের উৎপাদিত তরল বর্জ্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারে (সিইটিপি) পরিশোধন করা হচ্ছে। আর কঠিন বর্জ্য ফেলা হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা স্ল্যাজ পাওয়ার জেনারেশন সিস্টেম (এসপিজিএস) নির্মাণের জন্য রাখা পাঁচ একর জমিতে। এ জমিতে নির্মাণকাজের জন্য মাটি খুঁড়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সেখানে কঠিন বর্জ্য, তরল বর্জ্য ও বৃষ্টির পানি মিলে ভাগাড় তৈরি হয়েছে।
বর্জ্য ফেলার স্থানটির পাশে জমজম সিটি নামের একটি আবাসন প্রকল্প আছে। ওই প্রকল্পের বাসিন্দা খুরশেদ আলম বলেন, চামড়ার বর্জ্যের দুর্গন্ধে এই এলাকায় এখন টেকা যায় না। বিশেষ করে বাচ্চাদের খুব অসুবিধা হয়। তিনি বলেন, ‘আমরা শুনেছিলাম এখানে পরিকল্পিত শিল্প এলাকা হবে। এখন দেখছি এ এলাকায় বসবাস করাই কঠিন হয়ে যাচ্ছে।’
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি কোম্পানি সাভারে পাঁচ একর জমি চেয়েছে। জমি পেলে তারা সব কঠিন বর্জ্য ব্যবহার করে একধরনের আঠা তৈরি করবে। আপাতত তারা ৩০ হাজার বর্গফুট জমি পেলে দিনে ২০ টন কঠিন বর্জ্য ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে।
অন্যদিকে আরেকটি চীনা প্রতিষ্ঠান সিইটিপিতে উৎপাদিত কঠিন বর্জ্য দিয়ে হাইড্রোলিক অয়েল উৎপাদনের কথা বলেছে, যা গাড়িতে ব্যবহার করা হয়। এ জন্য তারা নয় হাজার বর্গফুট জমি চেয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চামড়াশিল্প নগর প্রকল্পের পরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।