পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া নিয়ে জাতীয় সংলাপে অভিমত
কঠিন ভাষায় লেখা দলিলে লক্ষ্য অর্জনের সুস্পষ্ট কৌশল নেই
সরকারের শীর্ষ নীতিনির্ধারকেরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের ভাষাকে কঠিন অভিহিত করেছেন। তাঁরা এই দলিলে লক্ষ্য খুঁজে পেলেও তা অর্জনের কোনো সুস্পষ্ট কৌশল দেখছেন না। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষিতের অনুপস্থিতি পরিকল্পনা দলিলের অন্যতম দুর্বলতা বলে মনে করছেন তাঁরা।গতকাল রোববার পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের খসড়ার ওপর ‘কৌশলগত দিকনির্দেশনা ও নীতিকাঠামো’ শীর্ষক অধ্যায়ের ওপর জাতীয় সংলাপে তাঁরা এসব সমালোচনা তুলে ধরেন। এ সময় তাঁরা এই দলিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভিশন ২০২১-এর দর্শনকে সন্নিবেশিত করার সুপারিশ করেন। তাঁরা বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলে ক্ষমতাসীনদের রাজনৈতিক দর্শনের প্রতিফলন থাকা উচিত। কেননা, এই দলিলের মালিকানা রাজনৈতিক নেতৃত্বের। পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এই জাতীয় সংলাপে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দেশে আয় ও শ্রেণীবৈষম্য প্রকট হচ্ছে। যাঁরা তুলনামূলক ভালো অবস্থানে রয়েছেন, তাঁরা অনেক বেশি সম্পদ আহরণ করে ফেলেছেন। এই বৈষম্যসহ আঞ্চলিক বৈষম্যও দূর করার কৌশলের ওপর গুরুত্ব দেন তিনি। পরিকল্পনা কমিশনের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনা কমিশনকে উন্নয়নচিন্তার সূতিকাগার হিসেবে কাজে লাগাতে হবে। অথচ এখন শুধু প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার কাজই বেশি করে থাকে। সংলাপে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, গ্রামের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু কেন চালের দাম বাড়ছে, সেটা পরিকল্পনাকারীদের বিবেচনায় আনতে হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মানুষের আয় বাড়লেও কর দেওয়ায় উৎসাহ নেই। এই সংস্কৃতির পরিবর্তন দরকার। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, সামষ্টিক অর্থনীতির স্বার্থে শিল্পনীতির সঙ্গে আর্থিক নীতির সমন্বয় থাকা দরকার। এ ছাড়া আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে পরিকল্পনা দলিলের লক্ষ্যমাত্রাগুলো সময়োপযোগী করা উচিত। তাঁর মতে, পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলে লক্ষ্যগুলো সুস্পষ্ট হয়েছে। কিন্তু লক্ষ্যগুলো অর্জনের কৌশল সুস্পষ্ট হয়নি। মসিউর রহমান আরও বলেন, বাংলাদেশ কৃষিতে অনেক ভর্তুকি দেয়। এতে যদি সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে আবার কৃষি খাতই বেশি ক্ষতিগ্রস্ত হবে।সুশাসনের প্রতি জোর দিয়ে মসিউর রহমান বলেন, আইনের শাসন চাইলে এই দলিলে নীতি ও বিচার বিভাগীয় সেবার মান সম্পর্কে বক্তব্য থাকা দরকার। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের মতে, এই দলিলে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে থাকা উচিত। এ ছাড়া ভূমির সর্বোত্তম ব্যবহারের দিকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে এইচ টি ইমাম জানান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের সময়ও কৃষিজমির সর্বোত্তম ব্যবহারে গ্রামকে প্রাধান্য দেওয়া হয়েছিল। সে সময় সমবায় প্রথাকে কাজে লাগানোর কথা বলা হয়েছিল। এটি আবারও নতুন করে চিন্তার সময় এসেছে। এইচ টি ইমাম আরও বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করতে শিল্পায়ন, নাকি শিক্ষাব্যবস্থার উন্নয়ন—কোনটা গুরুত্ব দেওয়া হবে, তা নির্ধারণ করতে হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, এই দলিলের ভাষা বেশ কঠিন। বর্তমান সরকার যে রূপকল্প প্রণয়ন করেছে, সেই ধারণাকে সামনে রেখে এই দলিল প্রণয়ন করা উচিত। এ ছাড়া একটি আঞ্চলিক সহযোগিতা কৌশলের কথাও ভাবা উচিত। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্চবার্ষিক পরিকল্পনা করা উচিত। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা দরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাণিজ্যনীতি ও শিল্পনীতির সঙ্গে আর্থিক খাতের সমন্বয় আরও বাড়ানো দরকার। সংলাপে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী, অর্থনীতিবিদ রিজুওয়ানুল ইসলাম, অর্থসচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। উল্লেখ্য, দলিলের খসড়ায় ২০১৫ সাল নাগাদ মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ শতাংশ ও ৬ শতাংশ। বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জিডিপির ২৫ শতাংশ আর সরকারি বিনিয়োগ হবে ৭ শতাংশ। আর ২০১৫ সাল নাগাদ দেশে উৎপাদন, সেবা ও নির্মাণ খাতে এক কোটি ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে।