চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) পরিচালক বা অপারেটর নিয়োগের দরপত্রের বেশ কিছু শর্ত বাতিল ও সংশোধন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরে নিয়োজিত বার্থ অপারেটরদের বিরোধিতার মুখে এই সংশোধন করা হয়। সংশোধনের পাশাপাশি দরপত্র বিক্রি ও জমা দেওয়ার সময়ও এক দফা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, সিসিটির দরপত্রে কঠিন শর্ত থাকায় বিদ্যমান কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনাকারী ছয়জন বার্থ অপারেটর এই দরপত্রে অংশ নেওয়ার সুযোগ ছিল না। শুধু একটি বিশেষ প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নেওয়ার সুযোগ ছিল। এ কারণে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বন্দর সূত্রে জানা গেছে, ঈদের আগে ২৫ অক্টোবর দরপত্রের শর্ত সংশোধন করা হয়। এর মধ্যে তিনটি কঠিন শর্ত বাতিল করা হয়। এগুলো হচ্ছে: দরদাতা প্রতিষ্ঠান আইএসও সনদধারী হতে হবে, প্রতিবছর গড়ে এক লাখ একক কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতিবছর গড়ে ৩০ কোটি টাকা করে তিন বছরে প্রকৃত সম্পদ থাকতে হবে। এই তিনটি শর্ত বাতিল করার পাশাপাশি নয়টি শর্তও শিথিল করা হয়েছে। এর মধ্যে দরদাতার বার্ষিক টার্নওভার গড়ে ৫০ কোটি টাকার স্থলে আট কোটি টাকা করা হয়েছে। প্রতিবছর গড়ে এক লাখ একক কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতার শর্ত পরিবর্তন করে যেকোনো তিন বছরে মোট তিন লাখ একক কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। জানতে চাইলে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সংশোধনের পাশাপাশি দরপত্র বিক্রি ও জমা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। বন্দরের পরিবহন বিভাগ জানায়, আগামী ২০ নভেম্বর পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর। এর আগে প্রথম দফায় দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল ১৪ নভেম্বর। প্রসঙ্গত, বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর তিনটি টার্মিনাল রয়েছে। এই তিনটির মধ্যে সিসিটি বর্তমানে পরিচালনা করে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আগামী ৮ ডিসেম্বর সিসিটি টার্মিনালে তিন বছরের পরিচালনার মেয়াদ শেষ হচ্ছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটি নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দুটি জেটিতেও কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনা করছে। এ ছাড়া জেনারেল কার্গো বার্থ বা জিসিবির ছয়টি কনটেইনার জেটিতে ছয়জন অপারেটর কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনা করছে।