কতটা বিনিয়োগ তুলে আনতে পারবে ব্রাজিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চার বছর আগে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকাকে বিনিয়োগ করতে হয়েছিল ৫০০ কোটি ডলার৷ আর এবার ব্রাজিল বিনিয়োগ করেছে এর প্রায় তিন গুণ, এক হাজার ৪০০ কোটি ডলার৷
এই বিনিয়োগের কতটা দেশটির প্রেসিডেন্ট দিলমা রউসেফ তুলে আনতে পারবেন, তা িনয়ে ইতিমধ্যেই যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷ তবে টিকিট বিক্রি ও টেলিভিশন-স্বত্ব বিক্রি বাবদ ফিফার কোষাগারে অন্তত ৪৬৫ কোটি ডলার জমা পড়েছে৷
তাহলে ব্রাজিলের প্রাপ্তিযোগটা কীভাবে? খেলা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উড়ে এসেছেন ফুটবল-ভক্তরা৷ এই সংখ্যা কমপক্ষে ছয় লাখ৷ এই বিদেশি পর্যটকেরা প্রত্যেকে গড়ে আড়াই হাজার ডলার করে ব্যয় করবেন৷ আর প্রায় ৩০ লাখ ব্রাজিলবাসী নিজেরাই খেলা দেখতে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন৷
মুশকিলটা হলো, বিশ্বকাপ চলাকালে বিদেশি পর্যটকদের জন্য দক্ষিণ আফ্রিকা গড়ে খরচ করেছিল ১৩ হাজার ডলার করে৷ আর ব্রাজিলকে খরচ করতে হচ্ছে পর্যটকপ্রতি ১৮ হাজার ডলার৷ তার মানে হলো, পর্যটকেরা যা খরচ করবেন বলে আশা করা হচ্ছে, তাতে বিনিয়োগের সামান্যই উঠে আসবে৷
অবশ্য দেশটির পর্যটন বোর্ডের আশা, শেষ পর্যন্ত এই বছর ৬০ লাখ পর্যটকের পদচারণ হবে৷ আর তাই বিনিয়োগ উঠে আসবে ভালোভাবেই৷
আসলে বিশ্বকাপ আয়োজনের জন্য বিনিয়োগকৃত অর্থ কতটা ফেরত পাওয়া যাবে, তা নিয়ে বিতর্ক আছে৷
পর্যটকদের খরচের একটি প্রধান খাত হলো বিশ্বকাপের নানা স্মারক৷ এসব স্মারকের মধ্যে আছে চাবির রিং, পতাকা, টুপি, টি-শার্ট, বিকিনি, বল, ঢোল, ভুভুজেলা, মগ, টাই, রুমাল৷ এই বিক্রি-বেচায় ছোট-বড় সব ধরনের ব্যবসায়ী আছেন৷
অবশ্য বিশ্বকাপ ঘিরে ব্রাজিলে ক্ষোভ-বিক্ষোভের কমতি নেই৷ গত দুই মাসে দেশটির প্রধান শহরগুলোয় কয়েক দফা বিক্ষোভ-প্রতিবাদ ও ভাঙচুর হয়েছে৷ অনেক ব্রাজিলবাসীই মনে করেন যে ফিফা তাঁদের দেশ থেকে প্রচুর অর্থ নিয়ে যাচ্ছে৷ বিনিময়ে তাঁরা কিছু পাচ্ছেন না৷ আবার সরকারের ভাষ্য হলো, রাজনৈতিক প্রতিপক্ষ এসব প্রচারণা চালাচ্ছে, সুযোগ নিয়ে ভাঙচুর করছে৷
এবারের বিশ্বকাপে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ও হচ্ছে তা অতীতে আর কোনো টুর্নামেন্টে হয়নি৷ একই সঙ্গে এটাও সত্যি যে অতীতে কোনো বিশ্বকাপ ঘিরে এত বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভ হয়নি৷