কথা রাখলেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ বারবার তিনি বলেছেন, কালোটাকা সাদা করার সুযোগ তিনি আর দেবেন না। তার পরও আবাসন খাতে বিনিয়োগ করলে কোনো প্রশ্ন ছাড়াই কালোটাকা সাদা করার সুযোগটি অব্যাহত রাখলেন নতুন অর্থবছরেও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটের ওপর সাতটি ক্ষেত্রে কর পুনর্বিবেচনার সুপারিশ করেছিলেন। অর্থমন্ত্রী সেগুলোসহ মোট ২৯টি ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে তাঁর রাজস্ব আয়ের পরিকল্পনার পুনর্বিন্যাসের প্রস্তাব করলে সংসদ কণ্ঠভোটে তা অনুমোদন করে। এই প্রক্রিয়াতেই গতকাল শনিবার অর্থবিল ২০১৪ পাস হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত থাকেন। সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গতকাল বাজেটের ওপর আলোচনা করেন।
অর্থমন্ত্রী ৫ জুন জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সেখানে তিনি আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগটি কৌশলে রেখে যান। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়। পরের দিন অর্থাৎ ৬ জুন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বলেছিলেন, ‘ধরে নেন এ সুযোগটি এখন থেকে নেই।’ কিন্তু তিনি গতকাল অর্থবিল পাসের আগে দেওয়া বক্তব্যে বলেন, ‘আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেওয়ার বিধানটি কর প্রদান পদ্ধতিতে সরলীকরণ মাত্র।’ এই বক্তব্যের মাধ্যমে অর্থমন্ত্রী কালোটাকা আবারও সাদা করার সুযোগ রেখে গেলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, এই সুযোগ সাংবিধানের ২০-এর ২ ধারার সঙ্গে সাংঘর্ষিক। আবার সরকারের এই আচরণ তাদের সব সময়ের যে অঙ্গীকার, তার সঙ্গে যায় না। তিনি বলেন, এতে কালোটাকার মালিকেরা উৎসাহিত হবেন। আর যাঁরা সঠিকভাবে কর দেন, তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হলো।
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘আমরা এর প্রতিবাদ জানাই। এতে অবৈধ আয়কারীদের হাতে আবাসন খাত কুক্ষিগত হবে। পিছিয়ে যাবেন সঠিকভাবে কর প্রদানকারীরা।’
কালোটাকা সাদা করার প্রসঙ্গে অর্থমন্ত্রী সংসদে আরও বলেন, ‘অর্থ আইন, ২০১১-এর মাধ্যমে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগকৃত অর্থের ওপর ১০ শতাংশ হারে কর প্রদান করলে বিনিয়োগকৃত অর্থ বিনা প্রশ্নে মেনে নেওয়ার বিধান করা হয়। বাস্তবে এ বিধানের সুযোগ করদাতারা গ্রহণ করেননি এবং এই সুযোগ রাখতে চাই না বিধায় এ-সংক্রান্ত বিধানটি বাতিলের প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী আরও বলেন, কোনো করদাতা অতীতে তাঁর আয়ের ওপর সঠিকভাবে কর পরিশোধ না করলে পরবর্তী সময়ে প্রযোজ্য কর এবং জরিমানা পরিশোধ করে কর অনারোপিত আয়ের ওপর কর পরিশোধ করতে পারেন। এ ক্ষেত্রে করদাতাকে কোনো ছাড় দেওয়া হয়নি; প্রচলিত হারেই তাঁকে জরিমানাসহ কর দিতে হয়। এ ধরনের সুযোগ কর প্রদান ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষায় রাখা প্রয়োজন বলে তা অব্যাহত রাখা যায়।
এর আগে প্রধানমন্ত্রী মুঠোফোনে সারচার্জ আরোপের প্রস্তাব করলে অর্থমন্ত্রী তা গ্রহণ করেন। পাস হওয়া অর্থবিল অনুসারে দেশে উৎপাদিত মুঠোফোন ও আমদানিকৃত ফোনে ১ শতাংশ হারে সারচার্জ আরোপ হবে। প্রধানমন্ত্রী বলেন, এই খাতে আয় হওয়া রাজস্ব শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। অর্থমন্ত্রী বলেন, তিনি এই অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখবেন।
এদিকে অর্থবিল পাসের আগে দুজন সাংসদ জনমত যাচাইয়ের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা নাকচও হয়।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সুনির্দিষ্ট অভিযোগ আনেন। তিনি বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে
পাচার হচ্ছে। ২৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে দেশের ব্যাংকগুলোতে। তিন হাজার কোটি টাকা পাচার হয়ে সুইস ব্যাংকে জমা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সুইস ব্যাংকে কাদের টাকা রয়েছে, তা জানার ও ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। এটা উল্লেখ করে রুস্তম আলী বলেন, ‘আরও যেখানে যা অর্থ পাচার হয়েছে, সেগুলোও দেশে ফেরত আনতে হবে।’
অন্যদিকে জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম মিলন তাঁর আলোচনায় বলেন, ব্যাংক ও আর্থিক খাতে বরাদ্দ দেওয়া হয়েছে; কিন্তু ব্যাংকগুলোর যে অবস্থা তাতে এ বরাদ্দ দেওয়া ঠিক হবে না। আবার স্বাস্থ্য খাতে যে অবস্থা ডাক্তার থাকেন না। শিক্ষা, পরিবেশ ও পানি ব্যবস্থার যে অবস্থা তাতে মানুষ ভালো নেই। সাধারণ মানুষ সুপেয় পানি পাচ্ছেন না।
অর্থমন্ত্রী এসব বিষয়ে একটি বিবৃতি দেন। তিনি বলেন, বাজেট প্রস্তাবের পর এ নিয়েও নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বিদেিশ অর্থায়ন ব্যবহার নিয়ে তাঁর সঙ্গে অর্থনীতিবিদ আবুল বারকাতের একবার বাহাসও হয়েছে। বারকাত বলেছিলেন, অর্থায়নের ৮৫ শতাংশ বিদেিশরা নিয়ে যান। কিন্তু তিনি তা প্রমাণ করতে পারেননি। তাঁর কাছে কোনো সমীক্ষাও নেই। অর্থমন্ত্রী বলেন, এর পরিমাণ কোনোমতেই ৩০ শতাংশের বেশি নয়।
বাজেটের রাজস্ব আয়ের জন্য প্রস্তাবিত অর্থবিলের ওপর গতকাল দুজন সাংসদ বেশ কিছু সংশোধনী আনেন। অর্থমন্ত্রী একটি বাদে সবই গ্রহণ করেন। আওয়ামী লীগের এই দুই সাংসদ হলেন শাহাব উদ্দিন ও শহীদুজ্জামান সরকার। তবে রাজস্ব আয়ের ক্ষেত্রে এসব সংশোধনী আনলেও কীভাবে মোট দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পরিকল্পনার অর্থায়ন হবে, তা পরিষ্কার করেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, পরবর্তী সময়ে তিনি এগুলো অন্য খাত থেকে আয় করার ব্যবস্থা করবেন এবং সংসদেও পরে আলোচনা হতে পারে।
পাস হওয়া অর্থবিলে পঁুজিবাজার থেকে অর্জিত আয় বা গেইন ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। আবাসন খাতে বিনিয়োগকে বিবেচনায় নিয়ে ফ্ল্যাট বা দালান বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার ওপর প্রতি বর্গফুটে ৯০ টাকা হারে উৎসে করের পরিবর্তে ৫৫ দশমিক ৭৬ টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী সুপারিশ করেছিলেন টুথপেস্ট, সাবান, ডিটারজেন্ট, িলফ স্প্রিং, রেজর, রেজর পার্টস এবং স্টেইনলেস িস্টল ব্লেডের সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে আগের মতো ২০ শতাংশ করার। অর্থমন্ত্রী তা গ্রহণ করেন। ফ্লোট গ্লাস ও প্রসাধন সামগ্রীর সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে বৃদ্ধি করে আগের মতো ৪৫ শতাংশ করা হয়েছে। একই বিবেচনায় গ্লুকোজের সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশে এলপিজি সিলিন্ডার তৈরি হচ্ছে। কিন্তু এখনো পর্যাপ্ত নয়। সে কারণে তিনি এলপিজি সিলিন্ডারের বাজারমূল্য স্থির রাখার জন্য আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে হ্রাস করার কথা বলেন। অর্থমন্ত্রী ১০ শতাংশে তা নির্ধারণ করেন। একইভাবে মুঠোফোনের ওপর আরোপিত প্রস্তাবিত ১০ শতাংশ আমদানি শুল্ক হ্রাস করে ৫ শতাংশ এবং অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে ২৫০০ সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ি আমদানির ওপর ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। নতুন হাইব্রিড গাড়ির ওপর আরোপিত সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস করার লক্ষ্যে ১৮০০ সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ির ওপর সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ এবং ১৮০১ সিসি থেকে ২৫০০ সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ির ওপর আরোপিত ৬০ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে।