কথা হবে জিএসপি ও টিপিপি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরামের দ্বিতীয় বৈঠক আজ সোমবার ওয়াশিংটনে শুরু হচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত প্রথম বৈঠকের অমীমাংসিত বিষয়ের পাশাপাশি নতুন কিছু বিষয় নিয়েও আলোচনা উঠবে এবারের বৈঠকে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের অনেক চাওয়ার আছে, পাওয়ারও আছে। তবে প্রধানতম চাওয়া হওয়া উচিত শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার। তার পরিবর্তে বাংলাদেশের উচিত হবে না গুরুত্বহীন বিষয় নিয়ে বেশি কথা বলা।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সহযোগিতা ফোরাম বৈঠকের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার নেই। তবে বৈঠকে বাতিল অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে আলোচনা তুলবে বাংলাদেশ। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি ১১ দেশের যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি হয়েছে, তাতেও যুক্ত হতে আগ্রহ দেখাবে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শ্রম অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি কী, সরকারি কেনাকাটায় ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ হচ্ছে কিনা, কোমল পানীয়র ওপর কর হার এত বেশি কেন—প্রধানত এসব বিষয়ে বৈঠকে প্রশ্ন তুলবে যুক্তরাষ্ট্র।
আজ ও কাল অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এ বৈঠকে যোগ দিতে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি দল গত শুক্রবার ঢাকা ছেড়েছে।
কী করা উচিত বাংলাদেশের—জানতে চাইলে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি তৌফিক আলী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার। টিকফায় যদিও স্পষ্ট করে বলা নেই, তা সত্ত্বেও এটি নিয়েই বারবার কথা বলা উচিত।’
তৌফিক আলী বলেন, যুক্তরাষ্ট্র কংগ্রেস শেষ পর্যন্ত টিপিপি অনুমোদন করে কিনা নিশ্চিত নয়। করলেও কার্যকর হতে ৫-১০ বছর লাগবে। টিপিপিতে বাংলাদেশের যুক্ত হওয়া ঠিক হবে কিনা, তাও পরীক্ষা করে দেখতে হবে বলে তিনি মনে করেন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে বিনিয়োগ পরিবেশ ও নারীর ক্ষমতায়নে উভয় দেশের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে সহায়তার ব্যাপারে প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র।
টিপিপি বাস্তবায়িত হলে কী নেতিবাচক প্রভাব পড়বে, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে যুক্তরাষ্ট্রকে। জিএসপি বাতিলের পর যুক্তরাষ্ট্রের দেওয়া সব শর্ত পূরণ হওয়ার পর বাংলাদেশ যে এখন জিএসপি পাওয়ার যোগ্য, সে বিষয়েও যুক্তি তুলে ধরা হবে।
তৌফিক আলী বলেন, জিএসপি নিয়ে কথা বলারও তেমন কিছু নেই—বাণিজ্যমন্ত্রীকেও তিনি এই পরামর্শ দিয়েছেন।
কোমল পানীয়র ওপর কর হার ১৫ শতাংশ থাকলেও এনার্জি ড্রিংকসের ওপর ছিল ২৫ শতাংশ। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুটিরই কর হার ২৫ শতাংশ করেছে। এখানেই যুক্তরাষ্ট্রের আপত্তি বলে বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) হয় ২০১৩ সালের ২৫ নভেম্বর। এতে ব্যবসা-বাণিজ্যে শুল্ক ও অশুল্ক বাধা দূর, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় মেধাস্বত্ব আইন বাস্তবায়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মূল নীতি মেনে শ্রম অধিকার বাস্তবায়ন এবং পরিবেশ আইন মেনে চলার অঙ্গীকার করে উভয় দেশ।
টিকফার আওতায় বছরে একবার বৈঠক হওয়ার কথা, এর নামই ফোরাম বৈঠক। চুক্তি অনুযায়ী, উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যবেক্ষণ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা চিহ্নিত করবে এই ফোরাম। ফোরামের প্রথম বৈঠকটি হয়েছিল ঢাকায় ২০১৪ সালের এপ্রিলে।
আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের প্রধান চাওয়াটি হচ্ছে শুল্কমুক্ত বাজার। তা আদায়ের কৌশল নিতে হবে।’
টিকফার মতো চুক্তিগুলোকে অনেক সময় অর্থনৈতিক দিক থেকে বিবেচনার পরিবর্তে রাজনৈতিকভাবেও ব্যবহার করে যুক্তরাষ্ট্র—এমন মন্তব্য করে সেলিম রায়হান বলেন, ‘এ ব্যাপারে বাংলাদেশকে সজাগ থাকতে হবে।’