কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা বাজেট: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, এটি ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার দর্শনভিত্তিক গতানুগতিক দলিল।
বিবৃতিতে বলা হয়, ‘বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোকদেখানো মন তুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও এ কথাটি দিবালোকের মতো স্পষ্ট যে, বাজেটের আসল লক্ষ্য হলো জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করা।’
বাজেটে পরোক্ষ করের পরিমাণ ও মাত্রা বাড়িয়ে এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যত্ প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন এই দুই নেতা।
কালোটাকা সাদা করার সুযোগ এবারও অব্যাহত রাখার মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরও জোরদার করার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছে সিপিবি। বাজেটের মৌলিক নেতিবাচক চরিত্র আড়াল করার জন্য এতে কিছু চটকদার ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেন তাঁরা। সিপিবির দুই শীর্ষ নেতা বলেন, ‘সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিছু প্রতীকী পদক্ষেপের ছিটেফোঁটা যোগ করা হয়েছে। বাজেটকে অনির্ভরযোগ্য ও অবাস্তবায়নযোগ্য প্রস্তাবনায় পরিণত করা হয়েছে।’