কনটেইনার ওঠানামায় চট্টগ্রাম বন্দরের অব্যাহত উন্নতি
কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যার দিক থেকে বিশ্বের সেরা ১০০টি বন্দরের তালিকায় দুই ধাপ এগিয়ে ৮৮তম হয়েছে চট্টগ্রাম বন্দর।এ নিয়ে চট্টগ্রাম বন্দর কনটেইনারে পণ্য পরিবহনের র্যাংকিংয়ে গত চার বছরে ১০ ধাপ উন্নতি করেছে। জানা গেছে, বিশ্বের সেরা ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর ২০০৭ সালে ৯৮তম, ২০০৮ সালে ৯৫তম, ২০০৯ সালে ৯০তম এবং সর্বশেষ ২০১০ সালে ৮৮তম অবস্থানে উঠে আসে।কনটেইনারে পণ্য পরিবহনের হার বাড়ার কারণে সেরা বন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম স্থান করে নিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।কনটেইনার-শিল্পের তথ্যসেবা প্রদানকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কনটেইনারাইজেশনাল ইন্টারন্যাশনাল (সিআই) ‘দ্য টপ হান্ড্রেড কনটেইনার পোর্টস ইন দি ওয়ার্ল্ড ২০১০’ শীর্ষক এ র্যাংকিং তালিকা তৈরি করে, যেটি ১২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এ সংস্থা থেকে প্রতিবছর প্রকাশিত কনটেইনারাইজেশনাল ইন্টারন্যাশনাল ইয়ার বুককে কনটেইনার-শিল্পের বাইবেল হিসেবে বিবেচনা করা হয়।সেরা ১০০টি কনটেইনার বন্দরের তালিকায় দেখা গেছে, র্যাংকিংয়ে সিঙ্গাপুর বন্দরকে পেছনে ফেলে এক নম্বর অবস্থানে চলে এসেছে চীনের সাংহাই বন্দর। এ বন্দরে ২০১০ সালে কনটেইনার ওঠানামা হয় দুই কোটি ৯০ লাখ ৬৯ হাজার একক কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। একই সময়ে সিঙ্গাপুর বন্দর দিয়ে ওঠানামা হয় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ৮০০ একক কনটেইনার।প্রকাশনায় দেখা গেছে, সেরা বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা দেখানো হয় ১৩ লাখ ২৮ হাজার ৯৭৬ একক কনটেইনার। তবে এ পরিসংখ্যানের চেয়ে বাস্তবে আরও বেশিসংখ্যক কনটেইনার ওঠানামা করে বলে বন্দরের কর্মকর্তাদের দাবি। তাঁদের হিসাবে, এ সংখ্যা হবে ১৩ লাখ ৪৩ হাজার ৪৪৮টি একক কনটেইনার। অর্থাৎ প্রকৃত সংখ্যা বিবেচনায় নিলে এ অবস্থান আরও দুই ধাপ এগোত বলে মনে করেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম সম্প্রতি টেলিফোনে প্রথম আলোকে জানান, খরচ, সময় ও নিরাপত্তা—এ তিনটি বিষয় পণ্য পরিবহনে বেশি গুরুত্ব রাখে। কনটেইনারে পণ্য পরিবহন বেশি নিরাপদ। এ কারণে কনটেইনারে পণ্য পরিবহন বাড়ছে।২০১০ সালে চট্টগ্রাম বন্দর কার্যক্রমের মূল্যায়ন করে সিআইয়ের প্রকাশনায় বলা হয়, সাম্প্র্রতিক বছরে পশ্চিমা, বিশেষ করে ইউরোপের পোশাক ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে দেশটি। এ সফলতা চট্টগ্রাম বন্দরের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কিন্তু কনটেইনার ওঠানামার সংখ্যা বাড়লেও যন্ত্রপাতির স্বল্পতা এবং জেটিতে ভেড়ার জন্য জাহাজের অপেক্ষায় জট তৈরি হয়। ২০১০ সালে শ্রমিক অসন্তোষের কারণে বন্দরে সেনাবাহিনী পর্যন্ত নামাতে হয়েছে। তবে এখন পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।জাহাজ কোম্পানি সিএমএ-সিজিএম ‘উইন্ডো বার্থিং’ অর্থাৎ নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজ জেটিতে ভেড়ার সুবিধার অনুমোদন প্রদান এই উন্নতির লক্ষণ বলে সিআইয়ের প্রকাশনায় উল্লেখ করা হয়।বন্দরের পরিসংখ্যানে দেখা গেছে, সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের হার বেড়েছে ২১ দশমিক ১৩ শতাংশ। এর আগের অর্থবছরে এ হার ছিল ৯ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ হঠাৎ করেই এ বন্দর দিয়ে কনটেইনার পরিবহনের হার বেড়ে যায়।বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক মুনতাসীর রুবাইয়াত মনে করেন, কনটেইনারে পণ্য পরিবহন অনেক বেশি নিরাপদ। চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে বেশি পরিবহন হয় পোশাকশিল্পের কাঁচামাল ও তৈরি পণ্য। এখন কাঠ, সোডা, অ্যাশ ও স্ক্র্যাপসহ অনেক সাধারণ পণ্যও কনটেইনারে পরিবহন করা হচ্ছে। একসময় এসব পণ্য খোলাভাবে আমদানি হতো। কনটেইনারে পণ্য পরিবহনের জনপ্রিয়তার কারণে এ খাতে পরিবহনও বাড়ছে।