
নিলামযোগ্য প্রায় তিন হাজার একক পণ্যভর্তি কনটেইনার পড়ে থাকায় চট্টগ্রাম বন্দর এখন প্রতি ঘণ্টায় সোয়া দুই লাখ টাকার ভাড়া হারাচ্ছে।
জানা গেছে, বন্দর চত্বরে পড়ে থাকা এই বিপুলসংখ্যক কনটেইনারে পণ্য আমদানি হয়েছিল ১৯৮৯ থেকে ২০১২ সাল পর্যন্ত। শুল্কায়ন জটিলতার কারণে আমদানিকারকেরা এসব পণ্য খালাস করেনি। আবার নিয়মবহির্ভূতভাবে পণ্য আমদানির কারণে জব্দ হওয়া কনটেইনারও রয়েছে এই তালিকায়।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নানা কারণে এত বিপুলসংখ্যক কনটেইনার জমা হয়েছে। কখনো কখনো নিলামে তুলেও পড়ে থাকা কনটেইনারের পণ্য যেমন বিক্রি করা যায়নি। আবার মামলার কারণেও অনেক পণ্য নিলামে তুলে বিক্রি করা সম্ভব হচ্ছে না। লোকবলের অভাবেও নিলাম প্রক্রিয়া শেষ করতে পারছে না কাস্টম হাউস। পরিণতিতে বন্দর চত্বরে নিলামযোগ্য পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা বেড়েই চলেছে।
সম্প্রতি বন্দরের একটি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামযোগ্য এসব কনটেইনার যে জায়গা দখল করে আছে, তা ব্যবহার করে বন্দর চত্বরে বছরে এক লাখ একক কনটেইনার ওঠানো-নামানো সম্ভব। সে জন্য ওই কমিটি কনটেইনার পরিবহনের হার বাড়তে থাকায় পরিচালন কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত নিলামে তুলে এসব পণ্য বিক্রির সুপারিশ করেছে।
বন্দরের পরিবহন বিভাগের উপব্যবস্থাপক (ডিটিএম) মশিউর রহমান বেগকে প্রধান করে গঠিত একটি কমিটি সম্প্রতি ওই প্রতিবেদন জমা দেয়। কমিটি দীর্ঘদিন পড়ে থাকা পণ্য নিলাম বা ধ্বংসের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে সাত দফা সুপারিশ করেছে। নিলামযোগ্য পণ্যের কারণে বন্দরের পরিচালন কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এই কমিটি গঠন করা হয়েছিল।
বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামে বিক্রি করে বন্দরের মূল্যবান জায়গা উদ্ধার করতে কাস্টম হাউসের সঙ্গে আলোচনা হচ্ছে। নিলামে পণ্য বিক্রি করে বন্দরের জায়গা মুক্ত করা গেলে পরিচালন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি মনে করেন।
হিসাব করে দেখা গেছে, বন্দরে কনটেইনার ধারণক্ষমতার ১০ শতাংশ দখল করে রাখছে নিলামযোগ্য কনটেইনার। এসব কনটেইনার রাখার জন্য প্রতিদিনের ভাড়া আসছে প্রায় ৫৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় সোয়া দুই লাখ টাকা ভাড়া যোগ হচ্ছে এসব কনটেইনার রাখা বাবদ। এই টাকার সিংহভাগই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ নিলামে তুলে বিক্রি হওয়া দামের মাত্র ২০ শতাংশ পাবে বন্দর। আর যেসব পণ্য পচে নষ্ট হয়ে গেছে, সেগুলো থেকে এক টাকাও পাওয়ার সম্ভাবনা নেই।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বন্দরের সিডব্লিউ ইয়ার্ড বা চত্বরে দীর্ঘদিন ধরে পড়ে আছে ৩৪৬ একক কনটেইনার। এ ছাড়া অন্যান্য চত্বরেও নিলামের কনটেইনার পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকায় এসব কনটেইনার জং ধরে ফেটে গেছে। কোনো কনটেইনার ছিদ্র হয়ে বা ফেটে গিয়ে পণ্যও বেরিয়ে আসছে।
কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, যেসব পণ্যের বিপরীতে মামলা রয়েছে সেসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার মামলা না থাকা কনটেইনারের পণ্যের বিস্তারিত বিবরণ (ইনভেন্ট্রি) লিপিবদ্ধ করে নিলামে তুলে বিক্রির জন্য প্রতি সপ্তাহে ১০ জন রাজস্ব কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে নিলামযোগ্য পণ্য অপসারণ সম্ভব হবে।