চট্টগ্রাম বন্দর দিয়ে বিদায়ী ২০১৩ সালে রেকর্ডসংখ্যক প্রায় সাড়ে ১৫ লাখ কনটেইনার পরিবহন হয়েছে, যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৬ শতাংশ বেশি। কনটেইনার পরিবহন কার্যক্রম শুরুর ৩৭ বছরের মাথায় চট্টগ্রাম বন্দর ১৫ লাখ ছাড়িয়ে যাওয়ার নতুন এই মাইলফলক অর্জন করল।
বন্দর সূত্রে জানা গেছে, আগের বছর অর্থাৎ ২০১২ সালে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্যভর্তি ও খালি কনটেইনার পরিবহন হয় ১৪ লাখ ছয় হাজার ৪৫৬টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। এ সংখ্যা ২০১৩ সালে এক লাখ ৩৫ হাজার বেড়ে দাঁড়ায় ১৫ লাখ ৪১ হাজার ৫১৭টি।
তবে বছরের প্রথম নয় মাসে কনটেইনার পরিবহনের হার বৃদ্ধি পায় সাড়ে ১১ শতাংশ। শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) অবশ্য এ কার্যক্রম ব্যাপক হারে বাধাগ্রস্ত হওয়ায় সার্বিকভাবে প্রবৃদ্ধির হার কমেছে।
চারটি কনটেইনার জেটি ও অর্ধশত বছরের পুরাতন ছয়টি সাধারণ জেটি ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানো হয়। টানা হরতাল-অবরোধ না হলে কনটেইনার পরিবহন আরও বাড়ত বলে মনে করছেন ব্যবহারকারীরা।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধের পরও বন্দরের অভ্যন্তরে ওঠানো-নামানোর কার্যক্রম নানা কলাকৌশল ব্যবহার করে সচল রাখা হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিরলস কাজ করায় ২০১৩ সালে বিপুল পরিমাণ কনটেইনার ওঠানো-নামানোয় তেমন সমস্যা হয়নি। বন্দরের সক্ষমতা বাড়ার কারণে এখন ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে তিনি মনে করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি ঘটলে তাতে দেশের অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হয়। কারণ, কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্যের বেশির ভাগই হচ্ছে শিল্পের কাঁচামাল ও প্রস্তুত পণ্য। সাধারণত কনটেইনারে করে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি এবং তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির সুবাদে অর্থনীতিতে অবদান রাখে।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ ছরওয়ার বলেন, ‘হরতাল-অবরোধের প্রভাবে কনটেইনার পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় কিছু রপ্তানি পণ্য হয়তো বিমানে পরিবহন হয়েছে। পণ্য আমদানিও কমেছে। এর পরও হতাশাজনক কিছু দেখছি না। কারণ, রাজনৈতিক অস্থিরতা সাময়িক। কনটেইনার পরিবহনের হার সামনে আরও বাড়বে।’
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে বছরে ১০ লাখ কনটেইনার পরিবহনের মাইলফলক অতিক্রম করে ২০০৮ সালে। এ সংখ্যা ১৫ লাখে পৌঁছাতে সময় লেগেছে পাঁচ বছর। কনটেইনারাইজেশন ইন্টারন্যাশনাল ইয়ার বুকে প্রকাশিত বিশ্ব র্যাংকিং অনুযায়ী, কনটেইনার পরিবহনের সংখ্যায় চট্টগ্রাম বন্দর বিশ্বের সেরা ১০০টি বন্দরের মধ্যে এখন ৯০তম অবস্থানে রয়েছে। এটি অবশ্য ২০১২ সালের তালিকা।