কনটেইনার পরিবহনে বর্ধিত মাশুল আদায়ের সময় পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি কনটেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য ও খালি কনটেইনার পরিবহনের সেবামাশুল বাড়ানোর সময়সীমা ১৮ দিন পেছানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে যৌক্তিক মাশুল পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়ায় এখন ১৯ জানুয়ারি পর্যন্ত বর্ধিত মাশুল আদায় করবে না বিকডা।
এর আগেই অবশ্য ডিপো মালিক ও ব্যবহারকারীদের নিয়ে বন্দর কর্তৃপক্ষ বৈঠকে বসার কথা রয়েছে।
ডিপো মালিকদের সংগঠন ‘বিকডা’ আগামী ১ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে বর্ধিত মাশুল আদায় করার ঘোষণা দিয়েছিল। তাতে কাজ না হলে একই দিন থেকে সেবা বন্ধের হুমকিও দিয়ে রেখেছিল তারা।
ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) গত ১২ নভেম্বর বেসরকারি কনটেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য ও খালি কনটেইনার পরিবহনের সেবামাশুল সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিকডা ও ব্যবহারকারীরা পাল্টাপাল্টি অবস্থানে চলে যায়। বেসরকারি এসব ডিপো ব্যবহারকারীদের মধ্যে রয়েছে রপ্তানিকারক, নির্ধারিত ৩৭টি পণ্যের আমদানিকারক, ফ্রেইট ফরোয়ার্ডার ও কনটেইনার মালিকপক্ষ। বর্ধিত মাশুল না মানলে ১ জানুয়ারি থেকে সেবা বন্ধের হুমকিও দিয়েছিল বিকডা। এ পরিস্থিতিতে মাশুল নিয়ে দুই পক্ষের বিরোধ নিরসনের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ।
জানতে চাইলে বিকডার সভাপতি নূরুল কাইয়ুম খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বন্দর চেয়ারম্যানের অনুরোধে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বর্ধিত মাশুল আদায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগেই তিনি আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।
নূরুল কাইয়ুম খান আরও জানান, মাশুল আদায়ের তুলনায় খরচ বেড়ে যাওয়ায় তাঁরা আর্থিক সংকটের মুখে পড়ছেন। এ কারণে মাশুল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে কনটেইনার ডিপোর অন্যতম ব্যবহারকারী ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মাশুল বাড়ানোর আগে বেসরকারি ডিপো পরিচালনা-সংক্রান্ত খসড়া নীতিমালা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। কারণ নীতিমালা চূড়ান্ত হলে একটি কমিটির মাধ্যমে তা যাচাই-বাছাই হতো। তাহলে বাস্তবে প্রতিটি কনটেইনারে খরচ কত এবং কত মাশুল আদায় হওয়া উচিত, তা বের হয়ে আসবে।’
নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৭ ধরনের কনটেইনার ভর্তি পণ্য বেসরকারি ডিপোতে এনে খালাস করা বাধ্যতামূলক। আবার রপ্তানি পণ্যেরও ৯০ শতাংশ এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি করতে হয়। এ ছাড়া ডিপোগুলো খালি কনটেইনারও সংরক্ষণ করে থাকে।