কনটেইনার পরিবহনের প্রবৃদ্ধি নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনের হার বাড়ছে, তবে তা খুবই ধীরগতিতে। ২০১০-১১ অর্থবছরে ব্যাপক হারে কনটেইনার পরিবহন বাড়ার পর এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি পণ্য পরিবহনের এই খাতটি। কনটেইনার পরিবহনে দ্রুত প্রবৃদ্ধি নিয়েও সংশয়ে আছেন ব্যবহারকারীরা।বন্দরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাসে আমদানি ও রপ্তানি কনটেইনার ওঠানামা হয় প্রায় চার লাখ ৭৮ হাজারটি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে)। আগের অর্থবছরে একই সময়ে এ সংখ্যা ছিল চার লাখ ২৮ হাজার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম চার মাসে কনটেইনার ওঠানামা প্রায় সাড়ে ১১ শতাংশ বেড়েছে। অবশ্য ২০১০-১১ অর্থবছরের তুলনায় এবারে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ।এফবিসিসিআইর পরিচালক এস এম নুরুল হক এ প্রসঙ্গে সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ইউরোপে অর্থনৈতিক মন্দার কারণে গত অর্থবছর পোশাক খাতে রপ্তানি সেই হারে বাড়েনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের কারণে পাঁচ কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজার নিয়েও সংশয় আছে। এর প্রভাব পড়তে পারে বন্দরের কনটেইনার পরিবহনে। তবে রাশিয়া, চীন ও ভারতের বাজার ধরতে পারলে সংশয় কেটে যেতে পারে।’বন্দর ব্যবহারকারীরা জানান, কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানির বেশির ভাগই তৈরি পোশাকশিল্পনির্ভর। এই শিল্পের কাঁচামাল যেমন কনটেইনারে আমদানি হয়, তেমনি রপ্তানিমুখী তৈরি পোশাকের পরিবহনও হয় কনটেইনারে। এছাড়া বন্দরটি দিয়ে কনটেইনারে করে পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ইত্যাদি পণ্য রপ্তানি এবং ইলেকট্রনিকস সামগ্রী, ভোগ্যপণ্য, শিল্পের মূলধনি যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ ইত্যাদি আমদানি হয়।বন্দর সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে বন্দর দিয়ে ১৪ লাখ ৬৮ হাজার ৯১৪ কনটেইনার পরিবহন হয়, যা গত অর্থবছরে প্রায় সাড়ে আট শতাংশ কমে যায়। নতুন অর্থবছরে কনটেইনার পরিবহন বাড়লেও তা ধরে রাখা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে সংশয় আছে।বন্দরের গত বৃহস্পতিবার ১০টি কনটেইনার জেটির মধ্যে খালি পড়েছিল তিনটি। বহির্নোঙরেও কোনো জাহাজ অপেক্ষমাণ ছিল না।বিশ্বের বিভিন্ন বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার চারটি বন্দরের মাধ্যমে। এই পথে ২০১০-১১ অর্থবছরে ৪৪টি ফিডার (মাঝারি আকারের) জাহাজ চলাচল করলেও তা কমে বর্তমানে ৩৬টিতে নেমে এসেছে। কনটেইনার পরিবহনের হার না বাড়ায় এ সংখ্যাও আর বাড়েনি। ফিডার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী বলেন, ‘২০১০-১১ অর্থবছরে কনটেইনার পরিবহনে যে অগ্রগতি হয়েছিল, সেটি ধরে রাখতে পারলেও জাহাজ ব্যবসায়ে স্থিতিশীলতা থাকবে। তবে গত এক বছরের বেশি সময় ধরে কনটেইনার পরিবহনের অগ্রগতি থমকে আছে।’প্রসঙ্গত, দেশে সমুদ্রপথে কনটেইনারে পণ্য পরিবহনের প্রায় ৯৬ শতাংশই চট্টগ্রাম বন্দর ও বাকি মাত্র চার শতাংশ মংলা বন্দরের মাধ্যমে হয়ে থাকে।