কনটেইনারবাহী আরেকটি জাহাজ তৈরির কাজ শুরু

চট্টগ্রাম-পানগাঁও নৌপথে চলাচলের জন্য আরও একটি কনটেইনারবাহী জাহাজের নির্মাণকাজ শুরু করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
প্রতিষ্ঠানটির কারখানায় গতকাল শনিবার এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। জাহাজ নির্মাণ শুরু করার ঐতিহ্য অনুযায়ী অতিথিরা জাহাজের পাটাতনে হাতুড়ি দিয়ে আঘাত করেন। সে অনুযায়ী এই অনুষ্ঠানে নয়জন অতিথি নির্মাণকাজের সূচনা করেন।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজের নির্মাণকাজ তত্ত্বাবধান করবে ‘জার্মানশিয়র লয়েডস’। আরিয়ান ট্রেডার্স লিমিটেডের জন্য এ জাহাজটি নির্মিত হবে। জাহাজটি ১৭৬ একক কনটেইনার পরিবহন করতে পারবে।
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন জানান, বিদেশে কনটেইনার জাহাজ রপ্তানিতে সাফল্যের সুবাদে এখন দেশীয় উদ্যোক্তারাও দেশে জাহাজ নির্মাণে উৎসাহ বোধ করছেন। তিনি আরো জানান, এ পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন সাতটি জাহাজ নির্মাণের চুক্তি করেছে। আরও পাঁচটি জাহাজ নির্মাণের চুক্তি সই হওয়ার অপেক্ষায় আছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি বিশ্বমন্দা ও দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পর এখন জাহাজ নির্মাণশিল্প আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।