কনটেইনারবাহী জাহাজ নির্মাণ শুরু করেছে চিটাগাং ড্রাইডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রগামী জাহাজ মেরামতকারী একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেড প্রথমবারের মতো কনটেইনারবাহী জাহাজ নির্মাণ শুরু করেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে জাহাজ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে চট্টগ্রামে চিটাগাং ড্রাইডক প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান বক্তব্য দেন। শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সিদ্ধান্তের আলোকে বিআইডব্লিউটিসির জন্য চিটাগাং ড্রাইডক লিমিটেড দুটি কনটেইনারবাহী জাহাজ নির্মাণ শুরু করেছে। এর চুক্তিমূল্য ৭৫ কোটি ৭৪ লাখ টাকা। ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে জাহাজ দুটির নির্মাণ শেষ হবে।