কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কমছে। এ কারণে জাহাজ কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দর নৌপথে জাহাজের সংখ্যা কমাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ থেকে ফিডার জাহাজ পরিচালনার ব্যবসা গুটিয়ে নিচ্ছে একটি বিদেশি কোম্পানি।

বন্দর সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক গড়ে আমদানি-রপ্তানি পণ্যবাহী সাড়ে চার হাজার কনটেইনার পরিবহন হয়। চলতি মাসে এ সংখ্যা চার হাজারের নিচে নেমে আসে। ঈদের পর দিনে তিন থেকে সাড়ে তিন হাজার কনটেইনার পরিবহন হচ্ছে।

সূত্র আরও জানায়, আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কমায় ফিডার অপারেটরগুলো এখন জাহাজ চলাচলের সংখ্যা কমাচ্ছে। এক মাস আগেও চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট কেলাং ও তানজুম পালাপাস—এই চারটি বন্দরে নিয়মিত জাহাজের পাশাপাশি অন্য পথের জাহাজ চলাচল করত। এখন সেসব বাড়তি জাহাজ প্রত্যাহারের পাশাপাশি নিয়মিত জাহাজের চলাচলও কমানো হয়েছে।

ফিডার অপারেটর উল্লেখযোগ্য সি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী জানান, আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কমে যাওয়ায় জাহাজের “ভয়েজ” সংখ্যা কমানো হয়েছে। তবে পণ্য পরিবহন বাড়লে আবার জাহাজের চলাচল বাড়ানোর প্রস্তুতি আছে তঁদের।