
কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্যের বড় অংশই পোশাকশিল্প খাতের। এই খাতের প্রবৃদ্ধি হলে সরাসরি প্রভাব পড়ে কনটেইনার পরিবহনে। এবারও এর ব্যতিক্রম হয়নি। মূলত পোশাকশিল্পের পণ্য পরিবহনের ওপর ভর করেই কনটেইনার পরিবহনে গত বছরের চেয়ে আরও এগিয়েছে চট্টগ্রাম বন্দর।
বন্দরের হিসাবে দেখা যায়, সদ্যসমাপ্ত অর্থবছরে কনটেইনার পরিবহন গত অর্থবছরের চেয়ে বেড়েছে ১০ দশমিক ৬৬ শতাংশ বা সংখ্যার হিসাবে প্রায় এক লাখ ৫৬ হাজারটি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে)। ২০১৩-১৪ অর্থবছরে আমদানি-রপ্তানি পণ্যবাহী এবং খালি কনটেইনার পরিবহন হয় ১৬ লাখ ২৫ হাজার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে। আগের বছর ২০১২-১৩ অর্থবছরে পরিবহন হয় ১৪ লাখ ৬৮ হাজার। সেবার কনটেইনার পরিবহন বেড়েছিল ৯ দশমিক ৩৩ শতাংশ।
বন্দরের আয়ের সবচেয়ে বড় খাত হলো কনটেইনার পরিবহন। বন্দরের হিসেবে, প্রতিবছর বন্দরের মোট আয়ের প্রায় ৫৫ শতাংশ আসে কনটেইনার পরিবহন খাতে।
সদ্যসমাপ্ত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব এখনো চূড়ান্ত করেনি বন্দর কর্তৃপক্ষ। তবে ২০১২-১৩ অর্থবছরের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, বন্দরের মোট আয় হয়েছে এক হাজার ৫৭৮ কোটি টাকা। এর মধ্যে কনটেইনার ও পণ্য পরিবহন খাত থেকে এসেছে এক হাজার ২৮৮ কোটি টাকা। এই টাকার মধ্যে শুধু কনটেইনার খাতে আয় হয়েছে প্রায় ৮৭২ কোটি টাকা। কনটেইনার পরিবহনে আয়ের খাতের মধ্যে রয়েছে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, সংরক্ষণ, স্থানান্তর, কনটেইনার খুলে পণ্য সরবরাহ ইত্যাদি।
সনাতন ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই বিপুল পরিমাণ কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। বন্দর দিয়ে সাধারণত ২০ ফুট এবং ৪০ ফুট লম্বা কনটেইনারে পণ্য আনা-নেওয়া হয়। পণ্যের ধরন অনুযায়ী সাধারণ কনটেইনার এবং শীতাতপনিয়ন্ত্রিত কনটেইনারে পরিবহন করা হয়। আমদানির তুলনায় রপ্তানি কম হওয়ায় প্রতিবছর বিপুল পরিমাণ কনটেইনার বিদেশি বন্দরগুলোতে খালি পাঠানো হয়। গত মে মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, খালি কনটেইনার পরিবহনের হার প্রায় ২২ শতাংশ বা তিন লাখ ২৬ হাজারটি।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার পরিবহনের হার বৃদ্ধি অর্থনৈতিক অগ্রগতির নির্দেশক হিসেবে দেখা হয়। কারণ, রপ্তানির প্রায় পুরোটাই কনটেইনারে পরিবহন হয়। আবার কনটেইনারে আমদানি পণ্যের মধ্যে আছে পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি।’
বন্দরের মহাপরিকল্পনা প্রণয়নে জড়িত জার্মানির হামবুর্গ পোর্ট কনসাল্টিংয়ের বিশ্লেষণে দেখা যায়, বন্দর দিয়ে পরিবাহিত রপ্তানি কনটেইনার পণ্যের মূল্যের হিসাবে ৮০ শতাংশ পণ্যই পোশাকশিল্পের। তবে পরিমাণের হিসাবে এই হার ৪৫ শতাংশ। আবার কনটেইনারে মোট আমদানি পণ্যেরও ২২ শতাংশই হচ্ছে পোশাকশিল্প খাতে ব্যবহৃত কাঁচা তুলা, সুতা ও কাপড়। এর বাইরে রয়েছে পোশাকশিল্পের যন্ত্রপাতি।
এ ছাড়া কনটেইনারে আমদানিপণ্যের মধ্যে রয়েছে ওষুধ, সিরামিক ও ইস্পাত শিল্পের কাঁচামাল, বৈদ্যুতিক সামগ্রী, বাণিজ্যিক পণ্য ইত্যাদি। বন্দরের বিশ্লেষণ অনুযায়ী, কনটেইনারে আমদানিপণ্যের সিংহভাগ আসে চীন, হংকং, তাইওয়ান, ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে। আবার কনটেইনারে সিংহভাগ রপ্তানিপণ্যের গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ইত্যাদি।
জানতে চাইলে বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের অগ্রগতির সঙ্গে কনটেইনার পরিবহনও বাড়বে, এটাই স্বাভাবিক। এ জন্য বন্দরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দ্রুত পুরোপুরি চালু না হলে সামনে কনটেইনার পরিবহন সামাল দেওয়া কঠিন হবে। বন্দরের কারণে পোশাকশিল্পের পণ্য পরিবহনে ব্যাঘাত হলে সেটি হবে আত্মঘাতী।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে ছয়টি কনটেইনার পরিবহনের মাধ্যমে এই বন্দরে কনটেইনার পরিবহনের সূচনা হয়। সূচনার পর থেকে এ পর্যন্ত শুধু দুই অর্থবছর কনটেইনার পরিবহনে হার কমেছিল। এ ছাড়া প্রতিবারই বেড়েছে কনটেইনার পরিবহনের হার। সর্বশেষ বিশ্ব র্যাংকিং অনুযায়ী, বিশ্বের সেরা ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রামের অবস্থান ৯০তম।
তবে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনের এই অগ্রগতির চিত্র ধরতে পারেনি বিশ্বখ্যাত গবেষণাপ্রতিষ্ঠানগুলোও। যেমন, ১৯৯৮ সালে যুক্তরাজ্যের মট ম্যাকডোনাল্ড হিসাব দিয়েছিল, ২০১৩-১৪ অর্থবছরে এ বন্দর দিয়ে ১৩ লাখ ৭৭ হাজার কনটেইনার পরিবহন হতে পারে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের টেরা ইন্টারন্যাশনাল হিসাব দিয়েছিল ১৪ লাখ ৪৬ হাজার ৩০০ একক কনটেইনার ওঠানো-নামানোর। এই দুটো পূর্বাভাস ছাড়িয়ে কনটেইনার ওঠানো-নামানো হয়েছে তিন বছর আগেই।
যেভাবে পরিবহন হয়: বন্দর জেটিতে ভেড়ানোর জন্য জাহাজের আকার ও গভীরতার সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম বন্দর রুটে কনটেইনারবাহী বড় জাহাজ চলাচল করে না। যেমন সর্বোচ্চ সোয়া নয় মিটার গভীরতার এবং ১৮৬ মিটারের বেশি লম্বা জাহাজ জেটিতে ভেড়ানো হয় না। এ কারণে ছোট আকারের ফিডার জাহাজই এই রুটে চলাচল করে। বন্দরের নিযুক্ত সাতটি বেসরকারি প্রতিষ্ঠান ১০টি কনটেইনার জেটি এবং যন্ত্রপাতি ব্যবহার করে জাহাজ থেকে এসব কনটেইনার ওঠানো-নামানোর কাজ করেছে।
রপ্তানি পণ্যবাহী কনটেইনার এসব জাহাজে করে প্রথমে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার তানজুম পালাপাস এবং কেলাং—এই চারটি বন্দরে নেওয়া হয়। এরপর এসব বন্দর থেকে বড় জাহাজে বিশ্বের নানা দেশের বন্দরে নেওয়া হয়। একইভাবে আমদানি পণ্যভর্তি কনটেইনারও এই চারটি বন্দরের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এর পাশাপাশি ভারতের দুটি বন্দর থেকেও কনটেইনার পণ্য আনা হচ্ছে।
গত মে মাসে বন্দরের তৈরি করা এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর বন্দরের মাধ্যমে চট্টগ্রামে সবচেয়ে বেশি কনটেইনার আনা-নেওয়া হয়। গত বছরের হিসাবে এই হার ৫৪ দশমিক ৩ শতাংশ বা আট লাখ ৩৭ হাজার ১৬৪টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। এরপর কলম্বো বন্দরের মাধ্যমে ১৬ দশমিক ৫ শতাংশ, মালয়েশিয়ার কেলাং বন্দরের মাধ্যমে ১৪ দশমিক ৯ শতাংশ এবং তানজুম পালাপাস বন্দরের মাধ্যমে ১৪ দশমিক ৩ শতাংশ কনটেইনার ট্রান্সশিপমেন্ট হয়।