কনটেইনারের পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১৭ দিন!
সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজে করে পণ্যভর্তি একটি কনটেইনার আসতে সময় লাগে চার দিন। আর চট্টগ্রাম বন্দর থেকে এই কনটেইনারের পণ্য খালাস করতে আমদানিকারকেরা সময় নেন গড়ে প্রায় ১৭ দিন! অর্থাৎ এ সময়ে একটি কনটেইনার চারবার আনা-নেওয়া করা যায় চট্টগ্রাম-সিঙ্গাপুরের মধ্যে। যেসব কনটেইনারে একজন আমদানিকারকের পণ্য থাকে সেসব কনটেইনারে এই চিত্র পাওয়া গেছে।বন্দর থেকে কনটেইনারভর্তি পণ্য খালাসে বেশি সময় নেওয়ায় পণ্য পরিবহনেও খরচ পড়ছে বেশি। পণ্য বিক্রির শেষ ধাপে এই খরচ দিচ্ছেন ক্রেতারা। আবার বন্দরে নিয়মিত পড়ে থাকছে স্বাভাবিকের চেয়ে বেশি কনটেইনার। এ কারণে কনটেইনারের পরিচালনকাজেও ব্যাঘাত ঘটছে।বন্দরের নিয়মানুযায়ী, জাহাজ থেকে কনটেইনার নামানোর পর বন্দরে বিনা ভাড়ায় চার দিন পণ্য রাখার সুযোগ আছে। এ হিসাবে ১৭ দিনের মধ্যে বাড়তি ১৩ দিন সময়ে অতিরিক্ত মাশুল দিতে হচ্ছে আমদানিকারকদের। প্রতিটি ২০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে এই ১৩ দিনে বন্দর ও কনটেইনার মালিকের মাশুল আসে ১৮০ ডলার বা প্রায় ১৪ হাজার টাকা। এর মধ্যে ৫৭ ডলার নিয়ে যাচ্ছেন কনটেইনারের মালিকেরা। বন্দরের তথ্যানুযায়ী, ২০১২ সালে পণ্যভর্তি কনটেইনার (এক কনটেইনারে একজনের পণ্য) জাহাজ থেকে নামানোর পর খালাস করতে সময় লেগেছে গড়ে ১৬ দশমিক ৬৭ দিন। এর মধ্যে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গড়ে ১৭ দিনের বেশি সময় লেগেছে। বন্দর কর্মকর্তাদের তথ্যানুযায়ী, শিল্প কারখানার আমদানি করা কাঁচামালভর্তি কনটেইনারসহ প্রায় ৬০ শতাংশ কনটেইনার ১০ দিনের মধ্যে খালাস হয়। তবে বাণিজ্যিক পণ্যভর্তি কনটেইনার খালাসে সময় বেশি লাগছে।এ বিষয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, পদ্ধতিগত কারণে বন্দরে কনটেইনারের গড় অবস্থান সময় বেশি। বন্দর থেকে কনটেইনার খুলে এখনো পণ্য খালাসের হার বেশি। আমদানি পণ্যভর্তি কনটেইনার যত বেশি বেসরকারি ডিপোতে নিয়ে খালাস হবে ততই এই সময় কমবে বলে তিনি মনে করেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাজ থেকে নামানোর পর শুল্কায়নের দলিলপত্র জমা দিতে দেরি, পণ্য শুল্কায়নে পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় বিলম্ব, আবার শুল্কায়নের জন্য জমা দেওয়া নথিতে গরমিল—এসব কারণে পণ্য খালাসে বেশি সময় লাগছে। কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান বলেন, ‘আমদানি চালান শুল্কায়নের জন্য নথিপত্র জমা দেওয়ার পর সিংহভাগ চালানের শুল্কায়ন হয়ে যায়। তবে যেসব চালানের নথিপত্রে গরমিল থাকে সেসব চালানে গরমিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুল্কায়ন হয় না। আবার জাহাজ থেকে কনটেইনার নামানোর পর আমদানি চালান কাস্টম হাউসে জমা দেওয়া না হলে শুল্কায়ন শুরু করা যায় না।’