কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ও ফুয়াং ফুডস লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ২: ১ এবং ফুওয়াং ফুডের ১: ১ রাইট শেয়ারের অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।আনোয়ারুল কবির বলেন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের জন্য বর্তমান ১৮ লাখ ১৫ হাজার শেয়ারের বিপরীতে ২: ১ রাইট শেয়ার অর্থাত্ প্রতি দুটি শেয়ারে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে এসইসি। এ ক্ষেত্রে ৫০ টাকা প্রিমিয়ামসহ ১০০ টাকা অভিহিতমূল্যের প্রতিটি শেয়ারের দাম হবে ১৫০ টাকা। প্রতিষ্ঠানটি নয় লাখ সাত হাজার ৫০০টি রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৩ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করবে।এসইসির মুখপাত্র আরও জানান, ফুওয়াং ফুডের বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে এসইসি। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিতমূল্যের দুই কোটি দুই লাখ ৪০ হাজার রাইট শেয়ারের ছাড়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৪ লাখ টাকা উত্তোলন করবে। তিনি জানান, এই টাকা দিয়ে ফুওয়াং বেভারেজের ৯৯ শতাংশ শেয়ার কিনবে ফুওয়াং ফুড।ব্রিফিংয়ে আরেক নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।