কপার কেব্ল উৎপাদনে মুনাফা করছে বাকেশি
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কেব্ল শিল্প (বাকেশি) লিমিটেড গত তিন বছরে কপার কেব্ল উৎপাদন করে নিট লাভ করেছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা।পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন জোরেশোরে দ্রুতগতি ও উচ্চক্ষমতাসম্পন্ন সুপার হাইওয়ের বাহন অপটিক্যাল ফাইবার কেব্লও উৎপাদনও শুরু করেছে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে গতকাল বুধবার এক মতবিনিময় সভায় বাকেশির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মজিদ খান এ তথ্য জানান। সভায় অন্যান্যের মধ্যে বাকেশির উৎপাদন ব্যবস্থাপক এস এম জাকির হোসেন, উপব্যবস্থাপক মোসলেম উদ্দিন, ঊর্ধ্বতন নিরীক্ষা কর্মকর্তা শিবপদ কর, উপব্যবস্থাপক (বাণিজ্যিক) এনামুল হক, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা শরীফ বদিউজ-জামান এবং সাংবাদিক মকবুল হোসেন, এস এম জাহিদ হোসেন ও সবীর রায় উপস্থিত ছিলেন।সভায় আবদুল মজিদ খান জানান, বিশ্বে তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের সঙ্গে সংগতি রেখে দেশীয় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির সম্প্রসারণে বাকেশি কাজ করছে। এই প্রতিষ্ঠান দেশের টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপনে ব্যবহূত টেলিফোন কপার কেবলের চাহিদা পূরণ করে চলেছে।সভায় জানানো হয়, দেশে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বাকেশি গত জুলাই থেকে বাণিজ্যিকভাবে অপটিক্যাল ফাইবার কেব্ল উৎপাদন করছে; যা এখন বিটিসিএল, সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ রেলওয়ে, গ্রামীণফোন এবং বিটিসিএলের বিভিন্ন টেলিযোগাযোগ অঞ্চল ও উপজেলা গ্রোথ সেন্টার প্রকল্পে ব্যবহার করা হচ্ছে।উল্লেখ্য, বাংলাদেশ কেব্ল শিল্প লিমিটেড হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি শিল্পপ্রতিষ্ঠান। ১৯৬৭ সালে জার্মানির সিমেন্স কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে খুলনার ১৬ কিলোমিটার উত্তরে ভৈরব নদের পশ্চিম তীরে ৩১ দশমিক ৫৮ একর জমির ওপর এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়।