কবে হবে প্রতিযোগিতা কমিশন?
ব্যবসা-বাণিজ্যে সুস্থ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির জন্য তিন বছর আগেই প্রণীত হয়েছে প্রতিযোগিতা আইন। সে আইন অনুযায়ী প্রতিযোগিতা কমিশন গঠন করার কথা। কিন্তু তা নিয়ে এখনো ঢিলেমি চলছে।
প্রতিযোগিতা আইন পাস হয় ২০১২ সালের ১২ জুন। এর দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, ‘এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নামে একটি কমিশন গঠন করবে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ হচ্ছে—ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট বা অবৈধ চক্র সব সময়ই পণ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত করে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে তারা কর্তৃত্বময় ভূমিকায় নামে। পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির জন্য তারাই দায়ী। এত কিছুর পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি কোনো হাতিয়ার নেই সরকারের কাছে। আর, সে কারণেই তৈরি করা হয় প্রতিযোগিতা আইন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রতিযোগিতা কমিশন গঠন করা না হলে আইন প্রণয়নের উদ্দেশ্যই ব্যাহত হবে। কবে হবে এই কমিশন, জানতে চাইলে গত রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ ব্যাপারে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের কাছ থেকে হালনাগাদ তথ্য জানার পরামর্শ দেন। বাণিজ্যসচিব প্রথম আলোকে বলেন, ‘নতুন বিষয় হওয়ায় পরিপূর্ণভাবে কমিশন চালু হতে দেরি হবে।
কমিশনের চেয়ারপারসন ও সদস্য নিয়োগের ব্যাপারে অবশ্য গত সপ্তাহে একটি প্রজ্ঞাপন জারি করার তথ্য জানিয়ে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন ৬ সদস্যের কমিটি এ কমিশনের চেয়ারপারসন ও সদস্যদের নিয়োগ দেবে।
আইন অনুযায়ী একজন চেয়ারপারসন ও চারজন সদস্য নিয়ে গঠিত হবে প্রতিযোগিতা কমিশন। অর্থনীতি, বাজারসম্পর্কিত বিষয় বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আইনবিষয়ক কর্মকাণ্ডে ১৫ বছরের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদেরই কমিশনে নিয়োগ দিতে হবে।
আগামী তিন থেকে চার মাসের মধ্যে চেয়ারপারসন ও সদস্যদের নিয়োগের কাজটি হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যসচিব।
প্রতিযোগিতা আইন প্রণয়নের উদ্দেশ্য সম্পর্কে সরকার বলেছিল, উদার বাণিজ্য ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা চালিয়ে নষ্ট করছে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ। এতে ভোক্তাসাধারণের স্বার্থ বিঘ্নিত হওয়াসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আইনটি প্রয়োগ হবে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয়, উৎপাদন, সরবরাহ, বিতরণ এবং গুদামজাতকরণের সঙ্গে সম্পর্কিত সব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
জানতে চাইলে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‘কমিশন হলে ভালো। না হলেও যে খুব অসুবিধা হবে—এমন ভাবার কোনো কারণ নেই।’
প্রতিযোগিতা তহবিল নামে কমিশনের জন্য একটি তহবিলও গঠনের কথা বলা হয়েছে আইনে। সরকারের বার্ষিক অনুদান, ফি, মাশুল বা চার্জ, ব্যাংকে জমাকৃত অর্থের সুদ ও প্রচলিত বিধিবিধানের পরিপন্থী নয়—এমন যেকোনো উৎস থেকে কমিশন অর্থ সংগ্রহ করতে পারবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, প্রতিযোগিতা আইনের বলে সরকারের উচিত হবে শিগগির প্রতিযোগিতা কমিশন গঠন করা। অর্থমন্ত্রীর আগামী বাজেট বক্তৃতায় এ ব্যাপারে নির্দেশনা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।