কম টাকার হিসাবে সর্বোচ্চ সুদ দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অন্তর্ভুক্তির আওতায় বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং-সেবা দিতে কম টাকায় খোলা সঞ্চয়ী হিসাবগুলোতে সর্বোচ্চ সুদ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০, ৫০ ও ১০০ টাকায় খোলা প্রায় দেড় কোটি হিসাব রয়েছে ব্যাংকগুলোতে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কৃষকদের নামে। বর্তমানে কৃষকের হিসাব সংখ্যা এক কোটির মতো। এসব হিসাবের বেশির ভাগ রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে।
এ ধরনের হিসাবগুলোতে টাকা রাখতে উৎসাহ দিতে গতকাল মঙ্গলবার এক নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, দেশের আর্থিক সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং-সেবার আওতায় আনার লক্ষ্যে কৃষক, বিভিন্ন ভাতাভোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী পথশিশু-কিশোরসহ বিভিন্ন আর্থিকসেবা প্রত্যাশী জনগোষ্ঠীর জন্য নূ্৵নতম ১০, ৫০ ও ১০০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খোলার জন্য বিভিন্ন সময়ে নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম আরও বৃহৎ পরিসরে নিয়ে দেশের অর্থনীতি সুদৃঢ় করতে এ ধরনের হিসাবগুলোকে অধিকতর সচল, আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তোলা জরুরি। এমন প্রেক্ষাপটে ব্যাংকে প্রচলিত কৃষক, স্কুল ব্যাংকিং, কর্মজীবী পথশিশু-কিশোরদের হিসাবে ব্যাংকের বিদ্যমান বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাবের মধ্যে সর্বোচ্চ মুনাফা বা সুদহার প্রযোজ্য করার নির্দেশ দেওয়া যাচ্ছে।