কম দামি গাড়ি কিনতে খরচ বাড়বে
কম সিলিন্ডার ক্যাপাসিটি (সিসি) ইঞ্জিনের গাড়ির দাম বাড়তে পারে। গাড়ির ইঞ্জিনের সিসিভেদে সম্পূরক শুল্কহার পুনর্বিন্যাস করার প্রস্তাব করা হয়েছে।প্রস্তাব অনুযায়ী, ১৫০০ সিসি পর্যন্ত ৪৫ শতাংশ, ১৫০১ থেকে ১৮০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ, ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ১৫০ শতাংশ, ২০০১ থেকে ২৭৫০ সিসি পর্যন্ত ২৫০ শতাংশ, ২৭৫১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত ৩৫০ শতাংশ এবং ৪০০০ সিসির ওপরে ৫০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে।বর্তমান হার অনুয়ায়ী, ১০০০ সিসি পর্যন্ত ৩০ শতাংশ, ১০০১-১৫০০ সিসি পর্যন্ত ৪৫ শতাংশ এবং ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ, ২০০১ থেকে ২৭৫০ সিসি পর্যন্ত ২৫০ শতাংশ, ২৭৫১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত ৩৫০ শতাংশ এবং ৪০০০ সিসির ওপরে ৫০০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হয়।শুল্কহার পুনর্বিন্যাসের ফলে ১০০০ সিসি পর্যন্ত গাড়ি কিনতে অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। আর ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ি কিনতে অতিরিক্ত ৫০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। এর মানে হলো অপেক্ষাকৃত কম ও বেশি দামি গাড়ি আমদানি করতে বেশি অর্থ ব্যয় করতে হবে আমদানিকারককে। আর বেশি দাম দিয়ে এসব গাড়ি কিনতে হবে ভোক্তাকে।মাইক্রোবাসের ক্ষেত্রে ১৮০০ সিসি পর্যন্ত ৩০ শতাংশ, ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। আর বিযুক্ত (সিকেডি) মোটরগাড়ি, মোটরযান, স্টেশন ওয়াগন ও জিপ গাড়ি (থ্রি হুইলার ছাড়া) ২০০০ সিসি পর্যন্ত ৩০ শতাংশ এবং ২০০০ সিসির ঊর্ধ্বে বিযুক্ত মোটরগাড়ির ওপর ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া সর্বোচ্চ পাঁচ বছরের পুরোনো গাড়ি আমদানি করার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ তিন বছরের পুরোনো গাড়ি আমদানি করার বিধান রয়েছে।নতুন গাড়ির মূল্য বিষয়ে অপঘোষণা বা ফাঁকি রোধে নতুন একটি প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, একই উৎস দেশে তৈরি একই ব্র্যান্ড, মডেল ও সিলিন্ডার ক্যাপাসিটির (সিসি) নতুন গাড়ির মূল্য ওই একই ব্র্যান্ড, মডেল ও সিসির ব্যবহূত, পুরাতন বা পুনরায় সংস্কারকৃত গাড়ি অপেক্ষা কোনোভাবেই কম হতে পারবে না।এ ছাড়া পুরোনো ও পুনরায় সংস্কারকৃত মোটরগাড়ি শুল্কায়নের ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ অবচয়-সুবিধা, ১০ শতাংশ ডিলার্স কমিশন-সুবিধাসহ অন্যান্য সুবিধা আগামী অর্থবছরেও অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।