কম দামি সিগারেটের ওপর আরোপ হচ্ছে বেশি শুল্ক
আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেটের ওপর শুল্ক আরোপ করা হচ্ছে। তবে কম দামি সিগারেটের ওপর অপেক্ষাকৃত বেশি হারে শুল্ক আরোপ করা হবে। আর বেশি দামি সিগারেটের ওপর অপেক্ষাকৃত কম হারে শুল্ক আরোপ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এমন তথ্য জানা গেছে। কম দামি সিগারেট বিশেষ করে শেখ, সিজার, সানমুনের মতো সিগারেটের ওপর প্রায় ৩০ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব করেছে এনবিআর। আর বেশি দামি সিগারেটের (বেনসন অ্যান্ড হ্যাজেস, মালবোরো, স্টেট এক্সপ্রেস) ওপর প্রায় ছয় শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সিগারেটের ওপর শুল্ক আরোপ প্রসঙ্গে এনবিআরের কর্মকর্তারা জানান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্যের ওপর শুল্ক আরোপের নৈতিক দায়িত্ব রয়েছে। তবে বেশি দামি সিগারেটের ওপর বেশি শুল্ক আরোপ করা হলে খুচরা পর্যায়ে এর দাম বেড়ে যায়। ফলে ধূমপায়ীরা অপেক্ষাকৃত কম দামি সিগারেটের দিকেই বেশি ঝুঁকে পড়ে, যা আবার জাতীয় স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এ জন্য কম দামি সিগারেটের ওপর বেশি শুল্ক আরোপ করা হচ্ছে। তাঁরা আরও জানান, বিলাসপণ্য ব্যবহার নিরুৎসাহিত করতে সাধারণত বেশি দামি পণ্যের ওপর বেশি শুল্ক আরোপের বিধান রয়েছে। তবে সিগারেটের ক্ষেত্রে নৈতিকতাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে কম দামি সিগারেটের ওপর শুল্ক আরোপ না করার জন্য বেশ কয়েকজন সাংসদ তদবির করছেন। ইতিমধ্যে এনবিআর চেয়ারম্যান বরাবর তাঁরা একটি প্রস্তাবও দিয়েছেন। সাংসদদের দাবি, কম দামি সিগারেটে বেশি শুল্ক আরোপ করা হলে নিম্ন আয় ও শ্রমিক শ্রেণীর মানুষের ওপর করের বোঝা বাড়বে। অন্যদিকে বেশি দামি সিগারেটকে উচ্চহারে শুল্ক থেকে মুক্ত রাখার জন্য বড় বড় সিগারেট প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দিক থেকে তৎপরতা রয়েছে। বাংলাদেশ সিগারেট উৎপাদক সমিতি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিবছর সাড়ে আট হাজার কোটি শলাকা সিগারেটের চাহিদা রয়েছে। এই চাহিদার ৫২ শতাংশ মেটায় কম দামি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট। আর কম দামি সিগারেট থেকে ২০০৯-১০ অর্থবছরে এনবিআর রাজস্ব আয় করেছে সাত হাজার ২০০ কোটি টাকা। সংগঠনটি কম দামি ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম সাড়ে নয় টাকা আর মধ্যমমানের প্রতি ১০ শলাকার দাম ২২ টাকা রেখে এক শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছে।তবে এনবিআর যে প্রস্তাব করেছে, সে অনুসারে সম্পূরক শুল্ক আরোপ করা হলে কম দামি সিগারেটের (১০ শলাকার প্যাকেট) দাম হবে ১১ টাকা, বেশি দামি সিগারেটের দাম হবে ৫৫ টাকা। বেশি দামি সিগারেটের প্যাকেটে সাধারণত ২০টি শলাকা থাকে। সেক্ষেত্রে এর দাম হবে ১১০ টাকা। তবে খুচরা পর্যায়ে কম ও বেশি দামি সিগারেটের দাম আরও বাড়বে বলে জানা গেছে।বিভিন্ন নাগরিক সংগঠন জনস্বাস্থ্য বিবেচনায় দীর্ঘদিন ধরে সিগারেটের ওপর শুল্ক আরোপ ও বাড়ানোর দাবি জানিয়ে আসছে। এবারও তারা বাজেটে বিষয়টি অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়েছে।