কম দামে এবার চামড়া কিনবেন ব্যবসায়ীরা
ঘটা করে সংবাদ সম্মেলন করে কোরবানির পশুর চামড়া কেনার দাম গতকাল বুধবার ঘোষণা করেছে চামড়াসংশ্লিষ্ট তিন ব্যবসায়ী সংগঠন। ব্যবসায়ী নেতারা যে দাম ঘোষণা করেছেন, তা গত বছরের চেয়ে অন্তত ৩০ শতাংশ কম। অর্থাৎ এবার কম দামেই চামড়া কিনতে চাইছেন তাঁরা। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়াকে এর কারণ বলেছেন ব্যবসায়ী নেতারা।
ঘোষিত দাম অনুযায়ী, এবার ঢাকায় কোরবানি হওয়া গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ৫০-৫৫ টাকা আর ঢাকার বাইরের গরুর চামড়া ৪০-৪৫ টাকা ঠিক করা হয়েছে। আর প্রতি বর্গফুট খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়ার দাম ১৫-১৭ টাকা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা।
কোরবানির পশুর চামড়ার পাঁচ বছরের দাম বিশ্লেষণ করে দেখা গেছে, এটাই সর্বনিম্ন দাম নির্ধারণ।
রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে এই দামই ঘোষণা করেছে ট্যানারির মালিকদের দুই সংগঠন বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়া পণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
তবে এই তিন সংগঠনই গত বছর কোরবানির আগে গরুর চামড়ার দাম নির্ধারণ করেছিল ঢাকায় ৭০-৭৫ টাকা ও ঢাকার বাইরে ৬০-৬৫ টাকা। আর খাসির চামড়া ৩০-৩৫ টাকা এবং বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ২৫-৩০ টাকা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা চামড়ার যে দাম নির্ধারণ করেছেন, তা সব ক্ষেত্রেই গত বছরের দামের চেয়ে প্রায় ৩০ শতাংশ করে কম।
একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, গত বছর যে দাম ঘোষণা করা হয়, সেটাও ছিল তার আগের বছরের ঘোষিত দামের চেয়ে কম। সেবার আগের বছরের চেয়ে গরুর চামড়ায় ১৫ টাকা, মহিষের চামড়ায় ৫ টাকা, খাসির চামড়ায় ২০ টাকা ও বকরির চামড়ায় ১৫ টাকা করে কমিয়ে নির্ধারণ করা হয়েছিল। এ ক্ষেত্রে অজুহাত ছিল বিশ্ববাজারের দরপতন।
আবার গতকালের সংবাদ সম্মেলনেও বিএফএলএলএফইএর সভাপতি আবু তাহের এবং বিটিএর সভাপতি শাহীন আহমেদ দুজনই বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ার কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আবু তাহের। তিনি বলেন, ‘বিশ্ববাজারে ক্রাস্ট ও ফিনিশড চামড়ার দাম ৩০ শতাংশ পড়ে গেছে। শুধু যে চামড়ার দামই কমেছে তা নয়, ক্রেতাও পাওয়া যাচ্ছে না। তাই আমরা বুঝেশুনে চামড়া কিনব।’
শাহীন আহমেদ বলেন, বৈশ্বিক মন্দা চলছে। ইউরোর দাম কমেছে ৩০ শতাংশ। চীনের ইয়েনের দাম ৩-৪ শতাংশ কমেছে। এসবের প্রভাব পড়েছে রপ্তানিতে। প্রতিটি ট্যানারিতে এখন ৩০-৪০ শতাংশ চামড়া মজুত পড়ে আছে। তাঁর দাবি, ‘ক্রেতারা এখন প্রতি বর্গফুটে ৩৫ সেন্ট কম দিচ্ছে। ফলে আমরা সামনে কঠিন সমস্যায় পড়ব। এ অবস্থায় আমরা যদি চামড়ার উৎপাদন খরচ না কমাতে পারি তাহলে ক্রেতা হারাব।’
হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘মৌসুমি ব্যবসায়ীরা আমাদের প্রতিনিধিদের এলাকাতেই ঢুকতে দেয় না। তাঁরা কম দামে চামড়া কিনে আমাদের দুর্নামের ভাগীদার করেন।’ তাঁর দাবি, কোরবানির ঈদে যত চামড়া সংগ্রহ হয়, তার ৮০ শতাংশই করেন মৌসুমি ব্যবসায়ীরা।
দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় একটা সেক্টর, কিন্তু লেদার সেক্টরের জন্য একটা নীতিমালাও নেই। গার্মেন্টসের জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রীরা বিদেশিদের সঙ্গে আলোচনা করেন। চামড়ার জন্য কেন করেন না। চামড়া এখন দ্বিতীয় প্রধান রপ্তানি খাত।’
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা স্বীকার করেন, এবার তাঁরা প্রথমে চামড়ার দাম নির্ধারণ করতে চাননি। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে তাঁরা দাম ঠিক করেছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে। গত বছর কোরবানিতে ৭০-৭৫ লাখ চামড়া সংগ্রহ হয়েছিল বলে জানিয়েছেন ট্যানারির মালিকেরা।
| দুই বছরের চিত্র | ||
| স্থান ও চামড়া | এবারের দাম | গত বছরের দাম |
| গরুর চামড়া (ঢাকা) | ৫০-৫৫ | ৭০-৭৫ |
| গরুর চামড়া (ঢাকার বাইরে) | ৪০-৪৫ | ৬০-৬৫ |
| খাসির চামড়া (সারা দেশে) | ২০-২২ | ৩০-৩৫ |
| বকরির চামড়া (সারা দেশে) | ১৫-১৭ | ২৫-৩০ |
| দাম প্রতি বর্গফুট টাকায় | ||
কীভাবে সংরক্ষণ করবেন চামড়া
প্রচণ্ড বৃষ্টি কিংবা তীব্র রোদ—দুটো ক্ষেত্রেই চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। তাহলে কীভাবে চামড়া সংরক্ষণ করবেন? প্রথম আলোর মাধ্যমে সেটাই দেশবাসীকে বাতলে দিয়েছেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন ও মহাসচিব টিপু সুলতান।
১. চামড়া ছাড়ানোর ৫-৬ ঘণ্টার মধ্যে লবণ মেশাতে হবে।
২. বড় গরুতে ১০-১২ কেজি, মাঝারি গরুতে ৮-১০ কেজি ও ছোট গরুতে ৬-৭ কেজি লবণ মেশাতে হয়।
৩. চামড়ায় দেশি লবণ ব্যবহার করতে হবে। ভারতীয় লবণ ব্যবহার করা ঠিক হবে না। কারণ ওই লবণে ইউরিয়ার পরিমাণ বেশি থাকে।
৪. নির্দিষ্ট পরিমাণ মাংস রেখে চামড়া ছাড়াতে হবে। বেশি মাংস রাখা হলে লবণ দেওয়ার পর তা গলে যাবে এবং চামড়া নষ্ট হবে।
৫. তীব্র রোদ চামড়ার জন্য ভালো নয়। তাই ছায়াযুক্ত স্থানে চামড়া ছাড়ানোর ব্যবস্থা করতে হবে।
৬. বৃষ্টির পানি চামড়ার জন্য বিষের মতো। তাই ঈদ ও পরের দুই দিন যেন চামড়ায় বৃষ্টির পানি না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে।