কম দামে তেল বিক্রিতে গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পণ্যের দাম বাড়ানো হলে সঙ্গে সঙ্গেই ভোক্তা পর্যায়ে বেশি দামে বিক্রি শুরু হয়। দাম কমানো হলে তা বিক্রি করতে গড়িমসি করেন বিক্রেতারা। ভোক্তা পর্যায়ে পণ্য বেচাকেনার পুরোনো চিত্র এটি। ভোজ্যতেলের ক্ষেত্রেও সেই পুরোনো কাহিনি থেকে বের হওয়া সম্ভব হয়নি। লিটারপ্রতি পাঁচ টাকা কমানোর ঘোষণার প্রথম দিনে কার্যকর হয়নি। ক্রেতারা কম দামে ভোজ্যতেল কিনতে পারেননি।
গতকাল শনিবার থেকে লিটারপ্রতি পাঁচ টাকা কমানোর ঘোষণা কার্যকর হওয়ার কথা। কিন্তু বাজারে এর প্রভাব নেই। খোলা ও বোতলজাত তেল সবই আগের দামে বিক্রি হচ্ছে। নতুন দামের চালান এখনো খুচরা পর্যায়ে এসে পৌঁছায়নি—এমন অজুহাতে দাম কমাচ্ছেন না বিক্রেতারা।
পাঁচ লিটার বোতলের রূপচাঁদা ব্র্যান্ড ৪৮০ টাকা, তীর ও ফ্রেশ ব্র্যান্ড ৪৬০ টাকা করে বিক্রি হচ্ছে। ব্র্যান্ড ভেদে এক লিটারের দাম ৯৭ থেকে ১০১ টাকা। খোলা ভোজ্যতেল ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, উত্তরার কুশল সেন্টার, হাজিক্যাম্প বাজারে সরেজমিনে এ চিত্র পাওয়া গেছে।
বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় গত বৃহস্পতিবার বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় লিটারপ্রতি ভোজ্যতেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ীরাও ছিলেন।
কারওয়ান বাজারের বাহার জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মিলন হোসেন প্রথম আলোকে বলেন, এখনো নতুন দামের চালান আসেনি, তাই কম দামে বিক্রি করা যাচ্ছে না। তবে তিনি জানান, প্রতিদিন কারওয়ান বাজারে বিভিন্ন কোম্পানির ভোজ্যতেলের পরিবেশকেরা তেল সরবরাহ করেন।
পাড়া-মহল্লার দোকান থেকে শুরু করে পাইকারি বাজার পর্যন্ত কোথাও সয়াবিন তেলের দাম কমেনি।
জানা গেছে, তীর, ফ্রেশ, রূপচাঁদা ব্র্যান্ডের ভোজ্যতেল উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে দাম কমিয়ে বাজারজাত শুরু করেছে। এ বিষয়ে মেঘনা গ্রুপের সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক ইয়াসিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) থেকেই পরিবেশকদের কাছে কম দামেই সরবরাহ শুরু করেছি। ভোক্তা পর্যায়ে দাম পুরোপুরি স্থিতিশীল হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। বৃহস্পতিবার থেকেই কম মূল্যের এমআরপি সিলের উৎপাদন শুরু হয়েছে। এমনকি পরিবেশকদের কাছে যে মজুত রয়েছে, সেই মজুতের দাম সমন্বয় করে দিয়েছি।’
চাল, ডাল, চিনির দাম বাড়তির দিকে থাকায় নতুন বছরের শুরুটা ভোক্তাদের জন্য স্বস্তির হয়নি। পাটের বস্তায় চাল বাজারজাতকরণ বাধ্যতামূলক করায় মাসের শুরু থেকেই সব ধরনের চালে ১-২ টাকা কেজিপ্রতি বেড়েছে। তা এখনো আছে। দুই সপ্তাহের ব্যবধানে মানভেদে ডালের দাম কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়েছে। ভালোমানের দেশি ডাল ১৪৫-১৫০ টাকা, ভারতীয় ডাল ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। নেপালি ডাল বাজারে নেই বললেই চলে। দুই সপ্তাহের ব্যবধানে প্যাকেট ও খোলা—দুই ধরনের চিনির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে।
শাকসবজি ও মাছ-মাংসের দাম স্থিতিশীল রয়েছে। এক কেজি শিম ২৫-৩০, বেগুন ৪০, টমেটো ২৫-৩০, মাঝারি আকারের ফুলকপি ২০-২৫ টাকা বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম ঠিক থাকলেও কেজিতে পাঁচ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। রুই, তেলাপিয়া, সরপুঁটি, পাঙাশসহ বিভিন্ন জাতের মাছের দাম স্থিতিশীল রয়েছে।