কম সিসিযুক্ত গাড়ির দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের গাড়ির ওপর (১০০১-১৫০০ সিসি) সম্পূরক শুল্কহার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে এই শ্রেণীর গাড়ির দাম বাড়বে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশে বিক্রীত গাড়ির বড় অংশই ১০০১-১৫০০ সিসির মধ্যে। ২০০০ বা তারও বেশি সিসির গাড়ি উচ্চবিত্তের হলেও তাতে শুল্কহার বাড়ানো হয়নি।বাজেটে ১৫০১ থেকে ১৬৫০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক হার ১০০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। তবে পুরোনো গাড়ির আমদানিকারকেরা জানিয়েছেন, এই শ্রেণীতে কোনো পুরোনো গাড়ি নেই। হুন্ডা, মিটসুবিসিসহ কিছু ব্র্যান্ডের এই শ্রেণীর নতুন গাড়ি এ দেশে বিক্রি হয়।অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, দেশের বড় শহরগুলোতে যানজটের কারণে গাড়ি আমদানি নিরুত্সাহিত করা এবং রাজস্ব বাড়ানোর লক্ষ্যে শুল্কহার পুনর্বিন্যাস করা হয়েছে।১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাসের শুল্কহার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এসব মাইক্রোবাসের অধিকাংশই বাণিজ্যিকভাবে ব্যবহূত হয়। কিছু মাইক্রোবাস অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা হয়। এ ছাড়া তিন চাকার যানবাহন ছাড়া বিযুক্ত মোটরগাড়ি, মোটরযান ও স্টেশন ওয়াগনের (চেসিস ও যাবতীয় যন্ত্রাংশ বিদেশ থেকে এনে দেশে সংযোজন করা গাড়ি) শুল্কহার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। রিকন্ডিশন্ড গাড়ির আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, অবচয় ৫ শতাংশ কমানো ও সম্পূরক শুল্ক ১৫ শতাংশ বাড়ানোর ফলে ১৫০০ সিসির এক্স করোলা ২০০৫ মডেলের গাড়ির দাম দুই লাখ ২০ হাজার, টয়োটা প্রিমিও এবং ইলিয়নে আড়াই থেকে তিন লাখ টাকা বাড়বে। মাইক্রোবাসে বাড়তে পারে প্রায় দেড় লাখ টাকা।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল এ দেশে সংযোজন করা হয়। প্রাইভেট কার তৈরি অবস্থায় আমদানি করা হয়। বিযুক্ত যানবাহনের ওপর শুল্ক বাড়ানোর ফলে বাস-ট্রাকের দাম বেড়ে যাবে। এ ছাড়া শুল্ক বাড়ার কারণে সম্পূর্ণ তৈরি গাড়ির আমদানিও বাড়তে পারে। এতে দেশে গাড়ি সংযোজনের যে শিল্প গড়ে উঠছে, তা ক্ষতিগ্রস্ত হবে। এটা কর্মসংস্থানের ওপরও প্রভাব ফেলবে।বাজেটে গাড়ির দাম বাড়বে—এমন খবর চাউর হওয়ার পর থেকেই গাড়ি বিক্রি বেড়ে গেছে বলে শোরুমের মালিক ও বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন। বেশির ভাগ ক্রেতার পছন্দই ছিল ১০০১-১৮০০ সিসির গাড়ি। এই সুযোগে শোরুমের মালিকেরা সিসিভেদে বিভিন্ন গাড়ির দাম এক থেকে চার লাখ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।একজন গাড়ি বিক্রেতা জানান, দেড় মাস আগে এক্স করোলা ২০০৫ মডেলের একটি গাড়ি প্রায় ১২ লাখ টাকায় বিক্রি হতো। গত কয়েক দিন এই গাড়িগুলো বিক্রি হয়েছে ১৫ লাখ বা তারও বেশি দামে। জানতে চাইলে হাবিবুল্লাহ দাবি করেন, বাজেটের আগে জাপানেও পুরোনো গাড়ির দাম বেড়ে যায়। এর প্রভাব দেশে পড়েছে।বিআরটিএ সূত্র জানিয়েছে, গতকাল পর্যন্ত চলতি জুন মাসে আট কার্যদিবস ছিল। এ সময়ে বিআরটিএর মিরপুর কার্যালয় থেকে প্রায় এক হাজার ৮০০ যানবাহনের নিবন্ধন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২২৫টি যানবাহন নিবন্ধন পায়। এর ৯৫ শতাংশই ব্যক্তিগত গাড়ি। গত মে মাসে নিবন্ধন পায় সাড়ে তিন হাজার যানবাহন।প্রাইভেট কারের ওপর শুল্কহার বাড়ানোর বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক প্রথম আলোকে বলেন, এটা ভালো উদ্যোগ। সরকার ছোট গাড়ি কেনার প্রক্রিয়া কঠিন করেছে। তবে পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে নজর দিতে হবে।