কম সুদে ঋণ দেওয়া হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ আমদানিকারকদের জন্য ব্যাংকঋণের সুদের হার এবং এলসি মার্জিন কমাতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আর ঈদুল আজহা সামনে রেখে পেঁয়াজ নিয়ে যেন কোনো ধরনের ষড়যন্ত্র না হয় কিংবা কৃত্রিম সংকট তৈরি করে যেন পেঁয়াজের দাম বাড়ানো না হয়, সেদিকে কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
সচিবালয়ে গতকাল রোববার পেঁয়াজের আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে বাণিজ্যমন্ত্রী মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের এ নির্েদশনা দিয়েছেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ স্বল্প আয়ের মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পেঁয়াজের আমদানি, সরবরাহ এবং মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও তৎপর হতে বলেছেন তিনি।
এ ছাড়া পেঁয়াজ আমদানির প্রক্রিয়া সহজ করতে নৌ ও স্থলবন্দরগুলোতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয় বলছে, দেশে পেঁয়াজের সংকট হবে না বলে ব্যবসায়ীরা সরকারকে আশ্বস্ত করেছেন। ভারতে বন্যার কারণে পেঁয়াজের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়েছে। সে কারণে দেশটিতে পেঁয়াজের দাম বেড়েছে। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। তবে কয়েক দিনের মধ্যে ভারতে নতুন পেঁয়াজ বাজারে আসবে। ফলে বাজার স্থিতিশীল হয়ে যাবে।
ঢাকার বাজারগুলোতে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে টিসিবি গতকাল থেকে সারা দেশে ট্রাকে করে খোলাবাজারে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
মিয়ানমার থেকে আমদানির তাগিদ
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের চাহিদা মেটাতে ভারতের পাশাপাশি মিয়ানমার, চীন ও পাকিস্তান থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে।
মন্ত্রণালয় বলছে, টেকনাফ স্থলবন্দরকেন্দ্রিক আমদানিকারকেরা মিয়ানমার থেকে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি করেছেন। প্রথম চালান এরই মধ্যে এসেছে এবং বাজারে পাওয়া যাচ্ছে। বাকি চালানগুলো পর্যায়ক্রমে আসবে।
মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বাড়াতে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন অতিরিক্ত বাণিজ্যসচিব (ডব্লিউটিও সেলের মহাপরিচালক) অমিতাভ চক্রবর্তী। এ সময় টিসিবির চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল বাসিরসহ ব্যবসায়ী, আমদানিকারক ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে অমিতাভ চক্রবর্তী ঈদ সামনে রেখে মিয়ানমার থেকে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করতে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করেন।
সরোয়ার জাহান চৌধুরী জানান, খোলাবাজারে বিক্রির জন্য সরকার মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি করা অন্তত ৩০০ টন পেঁয়াজ কিনতে আগ্রহী।
স্থানীয় আমদানিকারকেরা জানান, গত ২২ আগস্ট থেকে গতকাল পর্যন্ত মিয়ানমার থেকে দুই হাজার ৫৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। মিয়ানমারের পেঁয়াজ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় রপ্তানি হওয়ায় সে দেশে পণ্যটির দাম বেড়ে গেছে। ফলে ব্যবসায়ীরা এখন অল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন। তবে ঈদের আগে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা হবে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি]