নরসিংদীর নারী উদ্যোক্তা উম্মে কুলসুম একটি পোলট্রির খামার প্রতিষ্ঠার জন্য অগ্রণী ব্যাংকে গিয়েছিলেন ঋণের জন্য। অগ্রণী ব্যাংক তাঁকে ঋণ দিয়েছে, তবে সেটা নারী উদ্যোক্তাদের জন্য রাখা এক অঙ্কের সুদের ঋণ নয়। তিনি পেয়েছেন সিসি (ক্যাশ ক্রেডিট) ঋণ, যার সুদের হার ১৩ শতাংশ।
উম্মে কুলসুম গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘এসএমই খাতে অর্থায়ন: সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে এ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি এখন মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস উৎপাদন করতে কম সুদে ঋণ চান।
ফেডারেশন ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তাঁর উদ্দেশে ব্যবসায়ীরা বলেন, দেশের বড় ব্যবসায়ীরা এখন এক অঙ্কের সুদে ঋণ পাচ্ছেন। তাঁদের বাংলাদেশ ব্যাংকও ছাড় দিচ্ছে। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের এখনো বেশি সুদ দিতে হচ্ছে। অন্যদিকে নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে এত বেশি নথিপত্র চাওয়া হয়, যা তাঁদের পক্ষে জমা দেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, জাপান, কোরিয়ার মতো দেশগুলো আজকে উন্নতির শিখরে পৌঁছেছে এসএমই খাতের উন্নতির কারণে। বাংলাদেশে এসএমই নিয়ে গলা ফাটানো হচ্ছে, কিন্তু এ খাতের উন্নতি তেমন হচ্ছে না। তিনি তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হলো এসএমই খাতে সুদের সর্বোচ্চ হার ১ শতাংশের মধ্যে থাকতে হবে; এ খাতের প্রতিষ্ঠানগুলোকে প্রথম পাঁচ বছর আয়কর ও মূল্য সংযোজন করে (মূসক) অর্ধেক ছাড় দিতে হবে; এসএমই ঋণকে বিমার আওতায় নিতে হবে, যাতে ব্যাংকগুলো সুরক্ষা পেয়ে ঋণ দিতে উৎসাহিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে এফবিসিসিআইয়ের এসএমই অর্থায়ন-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আলী জামান বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় এসএমই খাতকে ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। বাংলাদেশেও কেন্দ্রীয় ব্যাংককে একই ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ৫০০ কোটি টাকার ওপরে ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনর্গঠনের সুযোগ দিয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হলেও এসএমই খাতকে সেই সুবিধা দেওয়া হয়নি।
অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের ঋণ পেতে কী ভোগান্তি হয়, তা-ও উঠে আসে কয়েকজনের বক্তব্যে। এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের বলেন, ‘নতুন উদ্যোক্তাদের কাছে ব্যাংক এমন সব নথি চায়, তাতে মনে হয় ওই উদ্যোক্তার সাত পুরুষে কোনো অভাব ছিল না। তাঁর টাকার কোনো প্রয়োজন নেই।’
ওই ব্যবসায়ী অভিযোগ করেন, সরকারি ব্যাংকগুলো গ্রামে শাখা খুললেও ঋণ বিতরণে আগ্রহী নয়। তারা শাখাগুলোকে লাভজনক রেখেছে কেবল প্রবাসীদের পাঠানো আয় লেনদেন করে।
এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, টাকাকে শুধু টাকা আনার জন্য নয়, আর্থসামাজিক উন্নয়নেও ব্যবহার করতে হবে। তিনি বলেন, এসএমই খাতে ঋণ ফেরতের হার ৯০ শতাংশ, যা অন্য কোনো খাতে নেই।
অনুষ্ঠানে বিভিন্ন জনের বক্তব্য টুকে নিয়ে তার জবাব দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রথম কাজ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগের জন্য অর্থের জোগান নিশ্চিত করা। দ্বিতীয় প্রধান কাজ হবে এসএমই খাতকে এগিয়ে নেওয়া। বড় ঋণগ্রহীতাদের সুবিধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এসএমই খাতও সুবিধা পাবে।
নতুন উদ্যোক্তাদের ঋণের নীতিমালা উল্লেখ করে ফজলে কবির বলেন, তাঁদের জন্য একটি তহবিল আছে। সেখান থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ দেওয়া হবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের বেশ কয়েকজন পরিচালক, বিভিন্ন ব্যাংকের এসএমই বিভাগের কর্মী, বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।