কমওয়ার্ডে পুরস্কার পেল ৭৩ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সৃজনশীল বাণিজ্যিক প্রচারণাবিষয়ক পুরস্কার অনুষ্ঠান ‘কমওয়ার্ড’-এর সপ্তম আসর গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কমওয়ার্ডের এবারের আয়োজনে ১৭টি শ্রেণিতে মোট ৭৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী বিজ্ঞাপন ও বিপণন সংস্থা এবং প্রোডাকশন হাউসের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ফ্রান্সের কানস লায়ন্সের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ২০০৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। বিবিএফের পক্ষে মাস্টহেড পিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, এ বছর কমওয়ার্ডের গ্র্যান্ড প্রি, গোল্ড এবং সিলভার—তিনটি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এ বছর কমওয়ার্ডে বিজ্ঞাপন সংস্থা, প্রোডাকশন হাউস ও বিভিন্ন সংস্থার সৃজনশীল বিভাগ মিলিয়ে মোট ৪৩টি প্রতিষ্ঠান থেকে ৩৫৫টি বিজ্ঞাপন জমা পড়ে। শীর্ষস্থানীয় বিজ্ঞাপন, বিপণন ও সৃজনশীল যোগাযোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচিত করেন। এর মধ্যে ১৭টি প্রচারণা গ্র্যান্ড প্রি, ৩৭টি গোল্ড ও ১৯টি প্রচারণা সিলভার পুরস্কার পেয়েছে।

গত বছর কমওয়ার্ডে মোট ২৫টি শ্রেণি ছিল। এ বছর আগের ১১টি শ্রেণি বাদ ও নতুন ৩টি শ্রেণি যোগ করা হয়। নতুন তিনটি শ্রেণি হলো পিআর বা জনসংযোগ, বেস্ট ইউজ অব আইডিয়া ও বেস্ট ক্যাম্পেইন বাই নিউ এজেন্সি।