কমছে আমানত, বাড়ছে ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত কমছে।
  • বাড়ছে অনিয়ম-দুর্নীতি।
  • প্রতিষ্ঠানগুলো ক্রমে দুর্বল হয়ে পড়ছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত কমে যাচ্ছে। তবে বাড়ছে ব্যাংক থেকে নেওয়া ধার। এতে তাদের ঋণ বিতরণ ও লিজ অর্থায়নের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে খেলাপি ঋণ। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দিন দিন দুর্বল হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকগুলোতে যে অনিয়ম-দুর্নীতি ছড়িয়ে পড়েছে, তার প্রভাব আর্থিক প্রতিষ্ঠানেও পড়েছে। কমপক্ষে এমন ১০টি আর্থিক প্রতিষ্ঠান আছে, যেগুলোতে বড় ধরনের অনিয়ম হয়েছে। এতে জড়িয়ে আছে প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের নাম। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের উদাসীন মনোভাবের কারণেই মূলত অনিয়ম প্রকট আকার ধারণ করেছে।

দেশে বর্তমানে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রমে আছে। এসব প্রতিষ্ঠান চলতি আমানত, পে-অর্ডার ও চেক ইস্যু করতে পারে না। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ব্যবসায়ে জড়ানোর সুযোগ নেই তাদের। ব্যাংক থেকে ঋণ ও গ্রাহকদের কাছ থেকে তিন মাসের বেশি মেয়াদি আমানত নিয়ে ঋণ ও লিজ দিতে পারে এসব প্রতিষ্ঠান।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা নিয়ে কথা হয় প্রাইম ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসাদ খানের সঙ্গে। তিনি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। আসাদ খান বলেন, প্রথম সমস্যা হলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো তিন মাস মেয়াদি আমানত নিয়ে তিন বছর মেয়াদে ঋণ দেয়। ব্যাংকগুলোর ঋণ ও আমানতের অনুপাত কমিয়ে দেওয়ার পর অনেক আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নেওয়া হয়। পাশাপাশি অনেক গ্রাহকও টাকা তুলে নেন। এ কারণে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে।

আসাদ খান আরও বলেন, কিছু প্রতিষ্ঠানের পরিচালকেরাও অনিয়ম করেছেন। তবে এসব প্রতিষ্ঠানে পরিবর্তনও এসেছে। তারল্য সমস্যা কাটলে সামনের দিনে প্রতিষ্ঠানগুলো ভালো করবে।

সূত্র জানায়, ব্যাংকের পাশাপাশি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোরও আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে পড়ছে। গ্রাহকেরা এসব প্রতিষ্ঠান থেকে ঋণ ও লিজ-সুবিধা নিয়ে তা ফেরত দিচ্ছেন না। নিয়মকানুনে অনেকটা ছাড় থাকায় ব্যাংকের চেয়ে আর্থিক প্রতিষ্ঠান ব্যবসার বেশি সুযোগ পাচ্ছে। বিশেষ করে শতভাগ ভোক্তাঋণ দিতে পারছে এসব প্রতিষ্ঠান। অন্যদিকে ব্যাংকগুলো কিন্তু শতভাগ ভোক্তাঋণ দিতে পারে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো আস্থার সংকটে পড়ার কারণে তাদের আমানত কমে যাচ্ছে। যেমন ২০১৭ সালের সেপ্টেম্বর শেষে এসব প্রতিষ্ঠানের আমানত ছিল ৪৪ হাজার ৭৯০ কোটি টাকা। গত ডিসেম্বরে তা বেড়ে ৫২ হাজার ৭৭০ কোটি টাকা হলেও এ বছরের মার্চে কমে হয় ৪৬ হাজার ২৮০ কোটি টাকা।

গ্রাহকদের আমানত কমলেও ব্যাংক থেকে ধার করে ব্যবসা বাড়াচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। ব্যাংক খাত থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেওয়া ধারের পরিমাণ গত বছরের ডিসেম্বরে ছিল ১২ হাজার ১৪০ কোটি টাকা, যা চলতি বছরের মার্চে বেড়ে ১৮ হাজার ৮৪০ কোটি টাকায় ওঠে।

এ বছরের মার্চে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও লিজ বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৫০ কোটি টাকা, যা গত বছরের ডিসেম্বরে ছিল ৬১ হাজার ৩০০ কোটি টাকা। ২০১৭ সালের সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৫৯ হাজার ৩৭০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে বেশ কিছু অনিয়ম ধরা পড়লেও তা রোধে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ বাড়ছে।

তবে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধার নিয়ে ব্যবসা করায় তাদের ঋণ ও লিজের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়েই ঋণ ও লিজ অর্থায়ন উভয় ক্ষেত্রেই খেলাপি বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১২ সাল শেষে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৩৭০ কোটি টাকা। ২০১৩ সালে তা বেড়ে হয় ১ হাজার ৭৭০ কোটি টাকা, যা ২০১৪ সালে দাঁড়ায় ১ হাজার ৯৭০ কোটি টাকা। ২০১৫ সালে তা দ্বিগুণ হয়ে ৪ হাজার কোটি টাকায় ওঠে। তবে ২০১৬ সালে কিছুটা কমে ৩ হাজার ৯২০ কোটিতে নামলেও ২০১৭ সালের সেপ্টেম্বরে তা ব্যাপক হারে বেড়ে ৫ হাজার ৫৯০ কোটি টাকা উন্নীত হয়, যা ডিসেম্বরে অবশ্য কমে ৪ হাজার ৫২০ কোটি টাকায় নামে। কিন্তু এ বছরের মার্চে আবার খেলাপি ঋণ বেড়ে ৫ হাজার ৫৬০ কোটি টাকায় ওঠে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিজের ৯৫ শতাংশ ঋণ ও লিজই এখন খেলাপি হয়ে পড়েছে। পাওনা টাকা ফেরত দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এর মধ্যে দুটি পরিচালনা পর্ষদ গঠন হয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের এক-তৃতীয়াংশ ঋণ খেলাপি। ফার্স্ট ফাইন্যান্সেরও অবস্থা একই। এফএএস ফাইন্যান্স ও জিএসপি ফাইন্যান্সেরও বড় অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়েছে।

এদিকে ফারইস্ট ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্সেও বড় ধরনের অনিয়ম করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন পরিচালক। এ কারণে প্রাইম ফাইন্যান্সের পরিচালনায় সম্প্রতি পরিবর্তন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সূত্রে জানা যায়, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো কী মানের, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালের ১৭ জুন বিশেষ সফটওয়্যার চালু করে। এর মাধ্যমে ব্যাংকগুলোর মতো এসব প্রতিষ্ঠানকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। প্রথম তালিকার প্রতিষ্ঠানগুলো থাকছে সাধারণ শ্রেণিতে। এর পরের ধাপের প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে দুর্বল। আর তৃতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গত মার্চে প্রথম ক্যাটাগরিতে ৫ টি, দ্বিতীয় ধাপে ১৭টি ও তৃতীয় ধাপে ১২টি প্রতিষ্ঠান ছিল।

তবে এই খাতে সবই খারাপ নয়। আইডিএলসি, আইপিডিসি, উত্তরা ফাইন্যান্স ও লংকাবাংলা ফাইন্যান্সের মতো বেশ কিছু ভালো প্রতিষ্ঠানও গড়ে উঠেছে।