চট্টগ্রাম বন্দর নিয়ে ঢাকা চেম্বারের গোলটেবিল আলোচনা
কমছে প্রতিযোগিতা সক্ষমতা, বাড়ছে ব্যবসার খরচ

পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে সময়সীমা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বলে অভিযোগ করেছেন এ খাতের ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে বলেও দাবি তাঁদের।
এ কারণে বন্দরের পরিচালনার সঙ্গে বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে ঢাকা চেম্বার আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব বক্তব্য উঠে আসে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রধান অতিথি ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার ও ব্যবসায়ীরা মিলে রপ্তানি বাণিজ্যেরও কিছু সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। কিন্তু চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো না গেলে এসব লক্ষ্য পূরণ হবে না। কারণ, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই হয়ে থাকে।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের পরিচালক আসিফ এ চৌধুরী। আর বন্দরের বর্তমান অবস্থা তুলে ধরেন চট্টগ্রাম বন্দরের সদস্য জাফর আলম। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও বক্তব্য দেন।
মূল প্রবন্ধে বলা হয়, চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় পাঁচ থেকে সাত দিন। এশিয়ার অন্যান্য বন্দরের মধ্যে সিঙ্গাপুরে জাহাজের গড় অবস্থানকালীন সময় প্রায় ৩৩ ঘণ্টা এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এ সময় লাগে ৪১ ঘণ্টা। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে যেখানে বছরে যথাক্রমে ৩ কোটি ৭০ লাখ এবং ২৫ লাখ কনটেইনার ওঠানো-নামানোর সক্ষমতা রয়েছে, সেখানে চট্টগ্রাম বন্দরে এ ক্ষমতা ১৮ লাখ কনটেইনারের।
চট্টগ্রাম বন্দরের বর্তমান সমস্যা সম্পর্কে মূল প্রবন্ধে বলা হয়, আমদানি-রপ্তানির চাহিদার সঙ্গে বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর সক্ষমতা মিলছে না। ফলে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে বেশি সময় লাগছে। বন্দরে জাহাজ-জট তৈরি হচ্ছে। এতে করে একদিকে ব্যবসার খরচ বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা কমছে।
ঢাকা চেম্বারের সভাপতি বলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থানের উন্নতি হয়েছে। ২০১৫ সালে যেখানে বাংলাদেশ ৮৭তম অবস্থানে ছিল, ২০১৬ সালে সেখানে ৭৬তম অবস্থানে উঠে এসেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি হলেও চট্টগ্রাম বন্দর পরিচালনার ক্ষেত্রে চরম অদক্ষতা দেখা দিয়েছে, যা ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা কমাচ্ছে। পণ্যবোঝাই জাহাজকে জেটিতে ভেড়ানোর জন্য চার দিনের বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে। আর পণ্য বোঝাই ও পণ্য খালাসে ১২ দিন পর্যন্ত সময় লাগছে। এতে করে আমদানি-রপ্তানি খরচ অনেক বেড়ে যাচ্ছে।
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘বিশ্ব প্রতিযোগিতায় টিকতে যেখানে আমাদের হিমশিম খেতে হচ্ছে, সেখানে সময়মতো কাঁচামাল হাতে না পাওয়া ও রপ্তানিতে বিলম্ব তৈরি পোশাককে অনেক পিছিয়ে দিচ্ছে। বন্দরে বেশি সময় লেগে যাওয়ায় বাধ্য হয়ে অনেক সময় উড়োজাহাজে পণ্য রপ্তানি করতে হচ্ছে। এতে খরচ বাড়ছে।’
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বন্দরের দক্ষতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা দরকার। বন্দরের কিছু কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত। এ সময় তিনি বলেন, ফ্রান্সে তিনটি সমুদ্রবন্দর ও তিনটি বিমানবন্দর দেশটির বাণিজ্য সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বন্দরের চেয়ারম্যান খালেদ ইকবাল ব্যবসায়ীদের কিছু অভিযোগ স্বীকার করে দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশ্বাস দেন। এ সময় তিনি বন্দরের উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, প্রতিদিন চার-পাঁচ হাজার ট্রাক, কাভার্ড ভ্যান বন্দরের অভ্যন্তরে ঢুকছে পণ্য নিয়ে। বন্দরের দক্ষতা বাড়াতে হলে বন্দরের অভ্যন্তরে ট্রাক ও কাভার্ড ভ্যানে পণ্য খালাসের কাজটি বন্ধ করতে হবে।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, হোসেন খালেদ, বহুজাতিক স্ট্যানচার্ট ব্যাংক বাংলাদেশের করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহক বিভাগের এমডি নাসের ইজাজ, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।